নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩ ০০:২৫ এএম
আপডেট : ২৮ আগস্ট ২০২৩ ১১:৫১ এএম
নবীনগরে বাড়ির অদূরে গাছ থেকে স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রবা ফটো
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গলায় ফাঁস লাগানো অবস্থায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ আগস্ট) উপজেলার কাইতলা দক্ষিণ ইউনিয়নের গোয়ালি গ্রামে বাড়ির অদূরে একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্ত শেষে রবিবার (২৭ আগস্ট) গ্রামের কবরস্থানে মরদেহ দাফন করা হয়।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত স্কুলছাত্রের নাম এমরান হোসেন।
সে কাইতলা যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।
নিহতের বাবা আলেখ খাঁ বলেন, গতকাল (শনিবার) সকাল ১০টার দিকে গরুর জন্য ঘাস আনতে বের হয় এমরান। দুপুর ১২টার দিকে লোকজনের কাছে শুনতে পাই এমরানকে একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা গেছে। ঘটনাস্থলে গিয়ে দেখি, ছেলের মরদেহ রশিতে ঝুলছে। তবে ঝুলন্ত অবস্থায় এমরানের দুটি পা হাঁটু ভাঙ্গা অবস্থায় মাটিতে লেগে ছিল।’
ছেলেকে হত্যা করা হয়েছে দাবি করে তিনি বলেন, ‘আমার স্কুলপড়ুয়া ছেলে কোনোভাবেই আত্মহত্যা করতে পারে না, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সঠিক তদন্ত করে এর সুষ্ঠু বিচার চাই।’
স্থানীয় সাংবাদিক মাছুম মির্জা ও কাইতলা দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বিএম পলাশ বলেন, ‘মাটিতে হাঁটু লেগে থাকা ঝুলন্ত অবস্থায় যেভাবে মরদেহটি উদ্ধার করা হয়েছে, তাতে এটি আত্মহত্যা নাকি হত্যা এ নিয়ে গ্রামে বেশ আলোচনা হচ্ছে।’
এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে স্কুলছাত্রের মৃত্যুর ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্টে হত্যার কোনো আলামত পাওয়া গেলে, এটি হত্যা মামলায় রূপান্তরিত হবে।’