রংপুর ব্যুরো
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২২ ১৪:৩১ পিএম
আপডেট : ১৩ অক্টোবর ২০২২ ১৪:৫৪ পিএম
উজানের পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমা ছুঁইছুঁই করছে। গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের শেখ হাসিনা তিস্তা সেতু এলাকা থেকে ছবিটি তোলা।-প্রবা
উজানের পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমা ছুঁইছুঁই করছে। এতে রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছা উপজেলার নদীতীরবর্তী নিম্নাঞ্চল, চর ও দ্বীপচরে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। নদীতীরবর্তী ফসলের ক্ষেত ইতোমধ্যে পানিতে তলিয়ে গেছে।
পানি বৃদ্ধিতে বন্যা দেখা দিলে চরাঞ্চলের আমন ধান, শীতকালীন আগাম সবজির ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কায় রয়েছে চরের কৃষক।
রংপুর পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৯টায় তিস্তার পানি নীলফামারীর ডালিয়া পয়েন্টে রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ৫০ মিটার; যা বিপৎসীমার ১০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে।
কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ৫২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি পাওয়ায় বুধবার রাতে ডালিয়া ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব বলেন, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে তিস্তার উজানে দোমুহুনি পয়েন্টে বুধবার সকাল থেকে পানি বাড়ায় তিস্তার পানি বৃদ্ধি পেয়েছে। রাতে বিপৎসীমা অতিক্রমের শঙ্কা ছিল, কিন্তু বিপৎসীমা অতিক্রম করেনি। বৃহস্পতিবার নদীর পানি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রবা/আরএম/জেও