× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফের ডুবল চট্টগ্রাম, এইচএসসি পরীক্ষা শুরু ১ ঘণ্টা পর

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩ ১২:৩০ পিএম

আপডেট : ২৭ আগস্ট ২০২৩ ১২:৫৯ পিএম

ফের ডুবল চট্টগ্রাম, এইচএসসি পরীক্ষা শুরু ১ ঘণ্টা পর

রাত থেকে টানা বৃষ্টিতে ফের ডুবেছে বন্দরনগরী চট্টগ্রামের বিভিন্ন নিচু এলাকা। এতে চরম দুর্ভোগে পড়েছেন এসব এলাকার বাসিন্দারা। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়তে হয়েছে চট্টগ্রামে আজ রবিবার থেকে শুরু হওয়া এইএসসি পরীক্ষার্থীদের। বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের মহানগরের ২৭টি এবং হাটহাজারীর দুটি কেন্দ্রের এইচএসসি পরীক্ষা এক ঘণ্টা পরে শুরু হয়েছে। তবে শিক্ষার্থীদের কেন্দ্রে যেতে হয়েছে চরম দুর্ভোগ নিয়েই।

শনিবার রাত থেকে চট্টগ্রামে বৃষ্টি হচ্ছে। কখনও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, কখনও মুষলধারে বৃষ্টি ঝরছে বন্দরনগরীতে। এতে তলিয়ে গেছে নগরীর অপেক্ষাকৃত নিচু এলাকাগুলো।

আজ সকালে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বৃষ্টিতে নগরীর আগ্রাবাদ, দুই নম্বর গেট, জিইসি, মুরাদপুর, চকবাজার, কাতালগঞ্জ, ফিরিঙ্গী বাজার, বক্সিরবিট, বাকলিয়া, চান্দগাঁও, হালিশহরসহ বিভিন্ন এলাকা হাঁটু থেকে কোমর পানিতে তলিয়ে গেছে।

অতিবৃষ্টি ও বন্যার কারণে চট্টগ্রাম, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা পেছানো হয়েছিল। পিছিয়ে যাওয়া সেই পরীক্ষা আজ শুরু হয়েছে। চট্টগ্রামে আজকের এই পরীক্ষাও ২৯টি কেন্দ্রে বৃষ্টিতে জলাবদ্ধতার কারণে শুরু হয়েছে এক ঘণ্টা পিছিয়ে।

রবিবার বেলা ১১টা থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের ইংরেজি প্রথম পত্র, কারিগরি শিক্ষা বোর্ডের হিসাববিজ্ঞান নীতি ও প্রয়োগ-২, ব্যাংকিং ও বীমা, অর্থনীতি এবং রসায়ন বিজ্ঞান-২ পরীক্ষা হচ্ছে।

নগরীর ইসলামিয়া কলেজের শিক্ষার্থী মাহমুদ হাসান হালিশহর এলাকায় গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। প্রতিদিনের বাংলাদেশকে তিনি বলেন, ‘রাতের বৃষ্টিতে আমার বাসার গলিতে পানি জমে হাঁটুর ওপরে উঠে গেছে। বৃষ্টি হলেই পানি জমে। সেই পানি মাড়িয়ে বের হলাম কিন্তু এখন গাড়ি পাচ্ছি না।’


নিউ মার্কেট এলাকায় কথা হয় রিকশাচালক আনিসের সঙ্গে। বৃষ্টিতে পরীক্ষার্থীদের দুর্ভোগ নিয়ে তিনি বলেন, ‘বেশি কষ্ট করছে কলেজের ছেলে-মেয়েরা। তাদের পরীক্ষা, তারা গাড়ি পাচ্ছে না। রাস্তায় জমাট পানিতে ভিজেটিজে পরীক্ষা দিতে যাচ্ছে। কেমনে যে পরীক্ষা দেবে।’

নগরীর সরকারি সিটি কলেজের শিক্ষার্থী মো. সাইফুল ইসলাম বলেন, ‘আমার বাসা চান্দগাঁও সিএন্ডবি এলাকায়। পুরো পথে পানি। অনেকক্ষণ অপেক্ষার পর ১০০ টাকা বেশি দিয়ে একটা অটোরিকশা নিয়ে পরীক্ষা কেন্দ্রে এসেছি। তাও চালক অন্য এলাকা দিয়ে ঘুরিয়ে নিয়ে আসছেন।’

চট্টগ্রামের আমবাগান আবহাওয়া অফিস জানিয়েছে, রবিবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নগরে ১৩০ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ওই অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক মফিজুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘এটা বর্ষার স্বাভাবিক বৃষ্টিপাত।’


এই বৃষ্টিতে জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীদের পাশাপাশি অফিসগামীরাও ব্যাপক দুর্ভোগে পড়েছেন। বেসরকারি ব্যাংক কর্মকর্তা নগরীর বউ বাজার এলাকার বাসিন্দা নাজমুল হাসান বলেন, ‘আমার বাসার সামনে কখনও পানি জমে না। কিন্তু গত রাতে আধা ঘণ্টা বৃষ্টির মধ্যে এলাকায় তিন চার ফুট পানি উঠেছে। সম্ভবত জোয়ারের পানি। নিচ তলায় যারা থাকে তারা রাতভর পানি সেচেছে। এখন অফিসে যেতে দুর্ভোগের সঙ্গে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে।’

এদিকে এ বৃষ্টিতে আজ সকালে পাঁচলাইশের ষোলশহরে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে বাবা ও মেয়ে প্রাণ হারিয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা