চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩ ১৬:০১ পিএম
আপডেট : ২৬ আগস্ট ২০২৩ ১৬:৪৩ পিএম
চট্টগ্রামে বিএনপির কালো পতাকা গণমিছিল পূর্ব সমাবেশ। প্রবা ফটো
সরকারের পদত্যাগের এক দফা দাবিতে চট্টগ্রামে কালো পতাকা গণমিছিল পূর্ব সমাবেশ শুরু হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। গণমিছিলে নেতৃত্বও দেবেন তিনি।
শনিবার (২৬ আগস্ট) বিকাল সাড়ে ৩টার দিকে দলীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন। সভা শেষে গণমিছিল শুরু হবে। সমাবেশে সঞ্চালনা করছেন নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর। আরও উপস্থিত রয়েছে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান।
সমাবেশকে কেন্দ্র করে দুপুর ২টা থেকে কালো পতাকা হাতে ছোট ছোট মিছিল নিয়ে কাজীর দেউরী মোড়ের আশপাশে অবস্থান নিতে শুরু করে নেতাকর্মীরা। পরে ৩টার দিকে তারা নাসিমন ভবনের সামনে জড়ো হয়। এ সময় দলটির নেতা-কর্মীদের ‘দফা এক, দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ’ এ ধরনের নানা স্লোগান দিতে শোনা যায়।