সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৩ ১৮:৩১ পিএম
দেশীয় অস্ত্র ও নগদ টাকাসহ তাদের গ্রেপ্তার করা হয়। প্রবা ফটো
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মিনাল কান্তি রায় নামে এক ব্যক্তিকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে তুলে নিয়ে টাকা ছিনিয়ে নেওয়ার সময় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় শুক্রবার (২৫ আগস্ট) থানায় একটি ডাকাতি মামলা করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন-বরিশালের বানারীপাড়ার শামীম হোসেন, সিরাজগঞ্জের আরিফুল ইসলাম, জামালপুরের নাহিদুল ইসলাম, বরিশালের উজিরপুরের মো. মিলন, কুমিল্লার রায়হান সরকার মামুন ও ফরিদপুরের নয়ন মিয়া।
শুক্রবার (২৫ আগস্ট) দুপুরে
সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাউ লাউ মারমা বলেন, গত
বৃহস্পতিবার রাতে সোনারগাঁ উপজেলার পাকুন্দিয়া চেকপোস্টে পুলিশ দায়িত্ব পালন করছিল।
এ সময় একটি সাদা রংয়ের মাইক্রোবাসকে পুলিশ থামতে বললে তারা না থেমে দ্রুতগতিতে চলে
যায়। তখন পুলিশ সদস্যরা তাদের ধাওয়া করে গাড়িটিকে এশিয়ান হাইওয়ের ঢাকা বাইপাস সড়ক এলাকায়
আটক করা হয়।
এ সময় গাড়ির দরজা না খোলা হলে
পুলিশের সন্দেহ হয়। পরে পুলিশ গেইট খুললে গাড়ির ভেতর থেকে চিৎকার শুনে মিনাল কান্তিকে
উদ্ধার করে এবং ছয়জনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ৯০ হাজার টাকা, ৪টি মুঠোফোন,
খেলনা পিস্তল, ডিবি ডিএমপি লেখা পোশাক, ভাঙ্গা ওয়াকিটকি, চাইনিজ কুড়াল, হাতকড়া ও ডাকাতির
কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়।
প্রাথমিক তথ্যে জানা যায়, মিনাল
কান্তি রায় সন্ধ্যায় ঢাকা থেকে বিআরটিসি বাসে করে বাড়ি ফিরছিলেন। সোনারগাঁয়ের একটি
ব্যাটারি কারখানা সামনে বাসটি পৌঁছালে ডাকাত দলের সদস্যরা ওই বাসে উঠে তার কাছে চোরাই
স্বর্ণ রয়েছে বলে মাইক্রোবাসে তুলে নেন। তুলে নেওয়ার পরপরই তার হাত-পা বেঁধে মারধর
করা হয়। এ সময় তার কাছে থাকা নগদ ৯০ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।
সংবাদ সম্মেলনে তিনি আরও জানান,
তারা দীর্ঘদিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, ঢাকা-সিলেট, এশিয়ান হাইওয়ে ও ৩০০ ফিট সড়কে
ডিবি পুলিশ ও র্যাব পরিচয়ে ডাকাতি করে আসছিলেন। গ্রেপ্তাকৃতদের বিরুদ্ধে একাধিক ডাকাতি
ও ছিনতাইয়ের মামলা রয়েছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, এ বিষয়ে সোনারগাঁ থানায় ডাকাতি মামলা করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।