সিলেট অফিস
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৩ ১৬:৪৭ পিএম
আপডেট : ২৩ আগস্ট ২০২৩ ১৭:১৮ পিএম
ওসমানী মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরেছেন। প্রবা ফটো
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি প্রত্যাহার করেছেন। বুধবার (২৩ আগস্ট) বেলা ৩টার দিকে তারা কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরেছেন। প্রতিদিনের বাংলাদেশকে তথ্যটি নিশ্চিত করেছেন ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক সীমান্ত মজুমদার।
তিনি জানান, ইন্টার্ন চিকিৎসকদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিতকরণে হাসপাতালে বেশকিছু পরিবর্তন পরিলক্ষিত হয়েছে। এ ছাড়া হাসপাতালে আনসার সদস্য বৃদ্ধির বিষয়টি প্রক্রিয়াধীন। হাসপাতালের পরিচালক আমাদের আশ্বাস দিয়েছেন এমন অপ্রীতিকর ঘটনা আর ঘটবে না। তাই আমরা আমাদের কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছি।
এর আগে কর্মবিরতির ডাক দেওয়ার পর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ দুই দফায় ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে বৈঠক করলেও কর্মবিরতি থেকে সরে যাননি আন্দোলনকারীরা। সবশেষ মঙ্গলবার দুপুর ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত তাদের সঙ্গে হাসপাতালটির পরিচালকের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। বৈঠক শেষে নিজেদের নিরাপত্তা আরও জোরদারের দাবি জানিয়েছিলেন। তারা ঘোষণা করেছিলেন বুধবার ১২টার মধ্যে তাদের দাবি পূরণ হলে কর্মবিরতি প্রত্যাহার করে নিবে।
ওসমানী হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব আলম ভুঁইয়া বলেন, ‘ইন্টার্ন চিকিৎসকরা কাজে যোগ দিয়েছেন। সেবা কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।’
জানা যায়, সোমবার বিকালে হাসপাতালের ৩৫নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় এক রোগী মারা যান। এ ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালের চিকিৎসক ও নার্সদের সঙ্গে রোগীর স্বজনদের কথা কাটাকাটি হয়। ইন্টার্ন চিকিৎসকদের অভিযোগ, রোগীর স্বজনরা ওয়ার্ডে দায়িত্বরত ইন্টার্ন চিকিৎসক ও নার্সদের হেনস্থা করেন। এ সময় চিকিৎসকরা দৌঁড়ে পাশের ওয়ার্ডে গিয়ে আত্মরক্ষা করেন। এরপর রোগীর স্বজনরা ওয়ার্ডের ভেতরে চিকিৎসক ও নার্সের কক্ষে ভাঙচুর চালান। এই ঘটনার প্রতিবাদে রাতে বৈঠক করে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেয় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদ।