খানসামা (দিনাজপুর) প্রতিবেদক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৩ ২২:৩৯ পিএম
আপডেট : ২২ আগস্ট ২০২৩ ২২:৪০ পিএম
ফাইল ছবি
দিনাজপুরের খানসামায় কয়েল থেকে ঘরে আগুন লেগে তিনটি ঘর, একটি গরু, কাপড়-চোপড়, আসবাবপত্রসহ সবকিছু পুড়ে নিঃস্ব হয়ে গেছেন এক দিনমজুর। সোমবার (২১ আগস্ট) মধ্যরাতে উপজেলার ভাবকী ইউনিয়নের মারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
ওই দিনমজুরের নাম ফারুক হোসেন। তিনি উপজেলার ভাবকী ইউনিয়নের মারগাঁও গ্রামের বাসিন্দা।
খানসামা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবু সায়েম বলেন, আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই। আমরা আসার আগেই এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েলের আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত। এতে দিনমজুরের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।
ভুক্তভোগী ফারুক হোসেন বলেন, আমি নিঃস্ব হয়ে গেছি। যা ছিল সব পুড়ে গেছে। আমি দিনে এনে দিনে খাই। এখন যে কি হবে, আল্লাহই ভাল জানেন। আগুন আমাদের সর্বনাশ করে ফেলেছে।
অগ্নিকান্ডের বিষয়ে ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম তুহিন বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে দেখি তার কিছুই নেই। আগুন তাকে নিঃস্ব করে দিয়েছে। অগ্নিকাণ্ডে তার চার লাখ টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে। আমি তাকে সাধ্যমত সহায়তা করেছি।
অগ্নিকাণ্ডের খবর শুনে খানসামা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মারুফ হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থ পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ প্রদান করেন।