কুড়িগ্রাম প্রতিবেদক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৩ ১৭:২২ পিএম
আপডেট : ২২ আগস্ট ২০২৩ ১৭:৩০ পিএম
সঁতার খাওয়া নদীতে কৃষকের মরদেহ উদ্ধার অভিযানে উৎসুক জনতার ভীড়। প্রবা ফটো
কুড়িগ্রামের নাগেশ্বরী ও রৌমারী উপজেলা থেকে এক কৃষক ও মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ আগস্ট) সকালে নিখোঁজ কৃষক আব্দুস শফির মরদেহ ১৬ ঘণ্টা পর নাগেশ্বরী উপজেলার ফকিরের হাট এলাকার সঁতার খাওয়া নদীর অংশ থেকে উদ্ধার করা হয়। তিনি ওই ইউনিয়নের ফকিরেরটারী গ্রামের বাসিন্দা।
অন্যদিকে সকালে রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনারচরে খালের পানিতে ভাসমান অবস্থায় কেসমত আলী নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তিনি রৌমারী সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কোনাচিপাড়া গ্রামের বাসিন্দা। এসব তথ্য নিশ্চিত করে জানান রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপ কুমার সরকার।
নাগেশ্বরী ফায়ার সার্ভিসের টিম লিডার মো. ইমন মিয়া বলেন, সোমবার বিকালে আব্দুস শাফি ঘাসের বোঝা নিয়ে ফকিরের হাট বাজারের দক্ষিণের ব্রিজের পাশ দিয়ে সঁতার খাওয়া নদীতে সাঁতরে পার হওয়ার চেষ্টা করেন। এ সময় নদীর পানির স্রোতে ডুবে নিখোঁজ হন। কিছুক্ষণ পর ওই কৃষক ভেসে না উঠায় এলাকায় হৈ চৈ পড়ে যায়। প্রথমে স্থানীয় লোকজন তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে সংবাদ পেয়ে নাগেশ্বরী ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় ১৬ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করেন।
তিনি আরও বলেন, নিখোঁজ কৃষকের মরদেহ সকালে উদ্ধার করে পরিবারের হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, আপনাদের মাধ্যমে বিষয়টি জানতে পারলাম। খোঁজ খবর নিয়ে পরে জানাতে পারব।