× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভোলারছড়া স্থায়ী মৎস্য অভয়াশ্রম ঘিরে সম্ভাবনা

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ২২ আগস্ট ২০২৩ ১৩:২২ পিএম

আপডেট : ২২ আগস্ট ২০২৩ ১৪:২০ পিএম

কুড়িগ্রামের চিলমারী উপজেলায় রমনা ইউনিয়নের ভোলারছড়ায় মৎস্য বিভাগের উদ্যোগে গড়ে তোলা হয়েছে স্থায়ী মৎস্য অভয়াশ্রম। প্রবা ফটো

কুড়িগ্রামের চিলমারী উপজেলায় রমনা ইউনিয়নের ভোলারছড়ায় মৎস্য বিভাগের উদ্যোগে গড়ে তোলা হয়েছে স্থায়ী মৎস্য অভয়াশ্রম। প্রবা ফটো

পুষ্টির চাহিদা পূরণ ও অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু কৃত্রিম নানা দূষণের কারণে প্রাকৃতিক জলাশয় কমে যাওয়ায় হুমকির মুখে পড়েছে দেশীয় প্রজাতির বিভিন্ন মাছ।

প্রতিকূল এই পরিস্থিতিতে জলজ বৈচিত্র্যের সংরক্ষণ এবং দেশীয় মৎস্য প্রজাতির অবাধ প্রজনন ও বংশ বৃদ্ধি তথা মৎস্য উৎপাদন বৃদ্ধির মাধ্যমে খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে দেশের বিভিন্ন জায়গায় গড়ে তোলা হচ্ছে স্থায়ী মৎস্য অভয়াশ্রম। তারই ধারাবাহিকতায় রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায় স্থাপনা করা হয়েছে স্থায়ী মৎস্য অভয়াশ্রম। এরই মধ্যে বাস্তবায়ন হচ্ছে এর নানা কার্যক্রম।

জলজ সম্পদে সমৃদ্ধ নদীমাতৃক বাংলাদেশ। প্রকৃতি ও অনুকূল পরিবেশের কারণে চিরায়ত বাংলার সংস্কৃতি, কৃষ্টি ও ঐতিহ্যের অংশ হিসেবে মৎস্যসম্পদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। অবস্থানগত কারণে দেশের নদ-নদী, খাল-বিল, হাওর-বাঁওড়, প্লাবন ভূমি ও পুকুর-দিঘি মাছ ও জলজ বৈচিত্র্য অত্যন্ত সমৃদ্ধ এবং উৎপাদনশীল। জলাভূমির মিঠাপানির বিভিন্ন প্রজাতির মাছ ও চিংড়ি ছাড়াও বৈচিত্র্যময় জলজবৃক্ষ, আগাছা এবং জলজ প্রাণীর উপস্থিতিও উল্লেখযোগ্য।

বিভিন্ন সংকটাপন্ন বা বিলুপ্তপ্রায় প্রজাতি যেমন দেশি সরপুঁটি, ভাগনা, জাতপুঁটি, তিতপুঁটি, গাংগুতুম, চ্যাগা, কাকিলা, ভাঙ্গন বাটা, চান্দা, ফলি, চেলি, পয়া, গোচি, গোলসা , খলিসা, চাপিলা, বারিয়া, চোপড়া, চেকা, বাইম, বাতাসি অন্যতম। অভয়াশ্রমটি পরিপূর্ণভাবে বিকশিত হলে সরকারি-বেসরকারি পর্যায়ে বিভিন্ন সংস্থা বা প্রতিষ্ঠান কর্তৃক গবেষণার ক্ষেত্র হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে।

এরই অংশ হিসেবে দেশীয় মৎস্য প্রজাতির জলজ জীববৈচিত্র্যের সংরক্ষণ, অবাধ প্রজনন ও বিলুপ্তপ্রায় মাছের বংশ রক্ষার জন্য মৎস্য বিভাগের পক্ষ থেকে উপজেলার রমনা ইউনিয়নের পাত্রখাতা মৌজায় ০.৮০ একর জমিতে ভোলারছড়া স্থায়ী মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হয়েছে। ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে ২০২২ সালের ১৭ নভেম্বর এই অভয়াশ্রমটিকে গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। চিলমারী মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, বৃহত্তর রংপুর বিভাগে একাধিক অস্থায়ী মৎস্য অভয়াশ্রম থাকলেও ভোলারছড়া মৎস্য অভয়াশ্রমটিই বৃহত্তর রংপুর বিভাগে প্রথম কোনো স্থায়ী মৎস্য অভয়াশ্রম।

মৎস্য অভয়াশ্রম বলতে জলাশয়ের একটি নির্দিষ্ট এলাকা যেখানে মাছ নিরাপদ আশ্রয়ে নির্বিঘ্নে প্রজনন ও বিচরণ করতে পারে, উপযুক্ত পরিবেশে বেড়ে ওঠে। একই সঙ্গে এসব স্থানে মাছ আহরণ/নিধন সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকে। 

ভোলারছড়া স্থায়ী মৎস্য অভয়াশ্রমটির ব্যবস্থাপনা কার্যক্রম ফলপ্রসূ বাস্তবায়নের লক্ষ্যে জলাশয়ের তীরবর্তী ও পার্শ্ববর্তী এলাকার কার্ডধারী জেলে ও জনগোষ্ঠীর সমন্বয়ে ২০ সদস্যবিশিষ্ট ব্যব্স্থাপনা কমিটি ও তিন সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। 

চিলমারীর স্থায়ী মৎস্য অভয়াশ্রমটির ভবিষ্যৎ সম্ভাবনার স্বপ্ন দেখছেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নুরুজ্জামান খান । তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ভবিষ্যৎ এই মৎস্য অভয়াশ্রমটি একটি পর্যটনকেন্দ্র হতে পারে। এখানে গড়ে উঠতে পারে বিশ্রামাগার। বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এখানে এসে দেশীয় প্রজাতির মৎস্যের বংশবিস্তর ও সংরক্ষণ নিয়ে গবেষণা করতে পারবে, যা আমাদের দেশীয় মৎস্যসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা সরকারিভাবে অভয়াশ্রমটি যাতে ফলপ্রসূ হয়, তার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করছি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা