× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাঈদীর মৃত্যুতে ফেসবুকে পোস্ট

এবার ভোলায় ছাত্রলীগের ৪ নেতা বহিষ্কার

ভোলা প্রতিবেদক

প্রকাশ : ২০ আগস্ট ২০২৩ ১০:১২ এএম

আপডেট : ২০ আগস্ট ২০২৩ ১০:১৫ এএম

এবার ভোলায় ছাত্রলীগের ৪ নেতা বহিষ্কার

মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় ভোলার দৌলতখান উপজেলা ছাত্রলীগের চার নেতাকর্মীকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শনিবার (১৯ আগস্ট) রাতে ভোলা জেলা ছাত্রলীগের সভাপতি রাইহান আহমেদ ও সাধারণ সম্পাদক হাসিব মাহমুদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অব্যাহতির বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ ভোলা জেলা শাখার এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সংগঠনের শৃঙ্খলা ও নীতি আদর্শ পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকায় দৌলতখান উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাবিউর রহমান রাফি, মেহেরাব হোসেন মিরাজ, সাংগঠনিক সম্পাদক মাশরাফি চৌধুরি ও প্রচার সম্পাদক রকিবুল ইসলাম রাজকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

জানা গেছে, দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর দিন ছাত্রলীগের সহ-সভাপতি মেহরাব হোসেন মিরাজ তার ফেসবুক আইডিতে স্ট্যাটাস দেন, ‘মধুর কণ্ঠের কুরআনের পাখির মৃত্যু। আহ্, এমন সংবাদে হৃদয় ভেঙে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’

অব্যাহতি পাওয়া মেহেরাব হোসেন মিরাজ বলেন, ‘‘দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পর আমি মুসলিম হিসেবে ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’ লিখে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম। একটা মানুষ মারা যাওয়ার পর মুসলিম হিসেবে যেটা বলার, আমি সেটা বলেছি। সংগঠনের নীতি, আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গ করার মতো কোনো কাজই আমরা চারজনের কেউই করিনি। তবে সাঈদীকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে পদ থেকে বঞ্চিত করা হয়েছে।’’

এ বিষয়ে দৌলতখান উপজেলা ছাত্রলীগের সভাপতি আশরাফ উদ্দিন সৌরভ বলেন, ‘তারা যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষ নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন; যা সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ড। এজন্য তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে। জেলা ছাত্রলীগের এমন সিদ্ধান্তকে স্বাগত জানাই।’

জানতে চাইলে ভোলা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিব মাহমুদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘তারা দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ও সংগঠনের পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থেকেছেন। তাই তাদেরকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কোনো ছাত্রলীগ নেতা যদি দলীয় শৃঙ্খলা ও সংগঠনের পরিপন্থি কোনো কাজ করে থাকেন, তাদেরকেও পদ থেকে অব্যাহতি দেওয়া হবে।’

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ড নিয়ে মারা যাওয়া জামায়াতের এই নেতাকে নিয়ে ফেসবুকে শোক জানিয়ে পোস্ট দেওয়ায় বিভিন্ন জেলায় ছাত্রলীগের অনেক নেতাকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া একই ঘটনায় রাজশাহীর এক পুলিশ কর্মকর্তাকে শাস্তিমূলক বদলি করা হয়েছে। চট্টগ্রামে চাকরি গেছে এক মাদ্রাসা শিক্ষকেরও।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা