মোংলা (বাগেরহাট) প্রতিবেদক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৩ ২১:৪৪ পিএম
আপডেট : ১৯ আগস্ট ২০২৩ ২১:৪৯ পিএম
মোংলায় চাঁদপাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে মেয়র তালুকদার আব্দুল খালেক। প্রবা ফটো
খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক বলেছেন, ‘শেখ হাসিনাকে নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে। সেজন্য বিদেশিরা ঘোরাফেরা করছে। এ জন্য সবাইকে সজাগ থাকতে হবে। শেখ হাসিনার কোনো বিকল্প নেই। তাকে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী বানিয়ে স্মার্ট বাংলাদেশ গড়তে হবে।’
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী উপলক্ষে শনিবার (১৯ আগস্ট) বিকালে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাগেরহাটের মোংলায় চাঁদপাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় আওয়ামী লীগ।
তালুকদার আব্দুল খালেক বলেন, ‘বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যাকারীদের দেশ থেকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেন। এরপর ক্ষমতার পালাবদলে জিয়া, এরশাদ ও খালেদা জিয়া ইতিহাসের ন্যক্কারজনক ওই হত্যাকাণ্ডের বিচার করেনি। ২১ বছর পর বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার করেন। এখনও এই হত্যাকাণ্ডের পাঁচ খুনি বিদেশে পালিয়ে আছেন। তাদের ফিরিয়ে এনে রায় কার্যকর করতে হবে।’
আগামী বছরের জানুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে তিনি বলেন, ‘মোংলা-রামপালে যিনি নৌকা পাবেন, তার পক্ষে কাজ করতে হবে।’
চাঁদপাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান মোল্লা তরিকুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, পৌর মেয়র শেখ আব্দুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি ইসরাফিল হাওলাদার, সোনাইলতলা ইউপি চেয়ারম্যান নাজরিনা বেগম প্রমুখ।