মেঘনা (কুমিল্লা) প্রতিবেদক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৩ ২২:৩৬ পিএম
রামপুর বাজার ঘাটসংলগ্ন মেঘনা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা। প্রবা ফটো
কুমিল্লার মেঘনা উপজেলায় হরিপুর যুবসমাজের উদ্যোগে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ আগস্ট) বিকালে উপজেলার রামপুর বাজার ঘাটসংলগ্ন মেঘনা নদীতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
উচ্ছ্বাস ও আনন্দ নিয়ে নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করেন দূরদূরান্ত থেকে আগত লোকজন। ঢাকঢোলের তালে তালে গ্রাম-বাংলার গান আর মাঝি-মাল্লার বৈঠার ছন্দ মাতিয়ে তোলে এ প্রতিযোগিতা।
সমাজসেবক গাজী মোহাম্মদ সিরাজুল হক সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা ইসলাম। বড়কান্দা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফারুক হোসেন রিপন, রামপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, ইউপি সদস্য জামান হোসেন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতা পরিচালনা করেন মোখলেছুর রহমান, উজ্জ্বল মিয়া ও মিজানুর রহমান। প্রতিযোগিতায় দাউদকান্দি উপজেলাসহ মেঘনার বিভিন্ন এলাকা থেকে ৮টি দল অংশগ্রহণ করে। আবহমান বাংলার ঐতিহ্য ধরে রাখতে নৌকা বাইচের আয়োজন করা হয় বলে জানান আয়োজকরা।