সাঈদীর মৃত্যুতে শোক
চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৩ ২১:৫৮ পিএম
আপডেট : ১৭ আগস্ট ২০২৩ ২২:১০ পিএম
মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশের অভিযোগে দুই দিনে চট্টগ্রামে ১০ ছাত্রলীগ নেতাকে পদচ্যুত করা হয়েছে। এর মধ্যে দুজন জেলা ছাত্রলীগের পদধারী নেতা। বাকিরা বিভিন্ন উপজেলা ও পৌরসভা কমিটির দায়িত্বে ছিলেন।
বুধবার চট্টগ্রাম দক্ষিণ জেলা, সাতকানিয়া উপজেলা, লোহাগাড়া উপজেলা, সন্দ্বীপ উপজেলা ও পটিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এসব নেতাদের পদ থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি জানানো হয়েছে।
অব্যাহতিপ্রাপ্ত নেতারা হলেন, দক্ষিণ জেলা ছাত্রলীগের কর্মসংস্থান-বিষয়ক উপসম্পাদক সাজেদুল হক ও সহসম্পাদক শাহজাহান হাবীব, সন্দ্বীপ উপজেলা ছাত্রলীগের সহসম্পাদক মো. রুস্তম, কার্যনির্বাহী সদস্য মো. আফসার, সন্দ্বীপ পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ তারেক, পটিয়া উপজেলা ছাত্রলীগের উপসাংস্কৃতিক সম্পাদক মো. ইশতিয়াক পারভেজ, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সহসভাপতি গাজী আমজাদ, মো. তাউসিফ ও উপদপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মাসুম।
যে বিজ্ঞপ্তিগুলোর মাধ্যমে নেতাদের অব্যাহতি দেওয়া হয়েছে, সেগুলোর ধরন প্রায় একই ছিল। বিজ্ঞপ্তিতে ওই ১০ নেতা সংগঠনের নীতি-আদর্শ ও সংগঠনবিরোধী কার্যক্রমে জড়িত আছেন এমন অভিযোগ তোলা হয়। একই সঙ্গে তাদের স্থায়ী বহিষ্কারের জন্য জেলা ছাত্রলীগের কাছে সুপারিশ করা হয়।
অব্যাহতিপ্রাপ্ত নেতাদের কেউ কেউ শোক প্রকাশ করার বিষয়টি স্বীকার করে নিয়ে সংগঠনের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন। পদচ্যুতির বৈধতা নিয়েও প্রশ্ন তুলছেন কেউ কেউ। তবে ছাত্রলীগের শীর্ষ নেতারা বলছেন, আদর্শিক জায়গা থেকে গঠনতন্ত্রের নির্দেশনা মেনেই ব্যবস্থা নিয়েছেন তারা।