× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাপিয়া–কাণ্ড

কাশিমপুর মহিলা কারগারের পুরো জনবল পরিবর্তন

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৩ ১৮:৫৭ পিএম

আপডেট : ১৭ আগস্ট ২০২৩ ১৯:১৮ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারগারে বন্দি নির্যাতনের ঘটনায় নানা আলোচনা-সমালোচনার জেরে জেলার, জেল সুপার, মেট্রন ও কারারক্ষীদের বদলি করা হয়েছে। সর্বশেষ গত বুধবার (১৭ আগস্ট) ওই কারাগারের জেলার ফারহানা আক্তার ও মেট্রন ফাতেমা আক্তারকে বদলির মাধ্যমে পুরো জনবল কাঠামো পরিবর্তন করা হলো।

অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল শেখ সুজাউর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে মেট্রন ফাতেমা আক্তারকে বদলি এবং তার স্থলে মোছা. লুৎফুন্নেছাকে দায়িত্ব দেওয়ার আদেশ দেওয়া হয়। একই দিনে জেলার ফারহানা আক্তারকেও বদলি করা হয়। স্বাক্ষরিত ওই চিঠিতে সুষ্ঠু প্রশাসন পরিচালনার স্বার্থে মেট্রনদের পরিবর্তনের আদেশ এবং জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কাযকর করার নির্দেশ দেওয়া হয়। 

গাজীপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের নতুন জেলার রিজিয়া বেগম। নতুন মেট্রন মোছা. লুৎফুন্নেছা এবং অতিরিক্ত জেল সুপার হিসাবে মো. শাহজাহান আহমেদকে দায়িত্ব দেওয়া হয়েছে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ এর জেল সুপার ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মহিলা কেন্দ্রীয় কারাগারের অতিরিক্ত জেল সুপার মো. শাহজাহান আহমেদ বলেন, পর্যায়ক্রমে কারা কর্তৃপক্ষ কারারক্ষী, জেলার, জেল সুপার ও সর্বশেষ মেট্রনকে বদলি করেছেন। বর্তমানে আমি অতিরিক্ত জেল সুপার ও রিজিয়া বেগম জেল সুপারের দায়িত্বে রয়েছেন। নতুন মেট্রন হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মোছা. লুৎফুন্নেছাকে।

নাম প্রকাশে অনিচ্ছুক কাশিমপুর কারাগারের এক কর্মকর্তা জানান, কারাগারের জেলার ফারহানা আক্তার ও মেট্রন ফাতেমা আক্তারের বিরুদ্ধে দায়িত্ব পালন করা অবস্থায় বন্দি নির্যাতনের সঙ্গে জড়িত থাকাসহ নানা অনিয়ম হয়েছে। এসব বিষয়গুলো পাপিয়া-কাণ্ডের পরই জানাজানি হচ্ছে। ফারহানা আক্তার দায়িত্ব পালনকালে পাপিয়াকে নানাভাবে অনৈতিক সুবিধা দেওয়ার প্রমাণও পেয়েছে তদন্ত কমিটি।

কারাগার সূত্রে জানা গেছে, যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়াকে গ্রেপ্তারের পর গাজীপুরের কাশিমপুর কারা কমপ্লেক্সের অভ্যন্তরে কেন্দ্রীয় মহিলা কারাগারে রাখা হয়। তিনি অপরাধ কার্যক্রম শুরু করেন কারাগারের ভেতরেও, গড়ে তোলেন অনুগত বাহিনী। অভিযোগ রয়েছে, কারাগারে বন্দি ও অন্য নারীদের কাছ থেকে তিনি টাকা-পয়সা ও জিনিসপত্র ছিনিয়ে নিতেন। এ ছাড়া তাদের ওপর চালাতেন নির্যাতন। কয়েক কারারক্ষী ও নারী বন্দি তার এসব কাজে সহযোগিতা করতেন বলে অভিযোগ উঠে। 

এরপর গত ৩০ জুলাই কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের ছয় কারারক্ষীকে দেশের বিভিন্ন কারাগারে বদলি করা হয়। পরে গত ৩ আগস্ট কারাগারের জেল সুপার ওবায়দুর রহমানকে রাজশাহী প্রশিক্ষণকেন্দ্রের প্রধান প্রশিক্ষক হিসেবে বদলি করা হয়েছে। এদিকে বন্দি নির্যাতনের সঙ্গে জড়িত থাকার অভিযুক্ত মেট্রন ফাতেমা আক্তারকে রাখা হয়েছিল রির্জাভ। ১৬ আগস্ট বুধবার বিকালে তাকেও বদলি করা হয়েছে যশোর কেন্দ্রীয় কারাগারে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করার সুপারিশ করে গঠিত হয় তদন্ত কমিটি।

ঘটনার সূত্রপাত, ঢাকায় আদালতে নথি চুরির অভিযোগে এক শিক্ষানবিশ আইনজীবীকে কাশিমপুর মহিলা কারাগারে পাঠায়। কারাগারে থাকা অবস্থায় তাকে নির্যাতন করা হয়। গত ২৫ জুন ওই নারী আইনজীবীর ভাই গাজীপুর জেলা প্রশাসকের (ডিসি) কাছে লিখিত অভিযোগ করে তার বোনকে নির্যাতনের ঘটনার বিচার দাবি করেন। এ অভিযোগের মাধ্যমে শামীমা নূরের নির্যাতনের ঘটনা প্রকাশ্যে আসে। ওই ঘটনার পর পাপিয়াকে কুমিল্লা কারাগারে পাঠানো হয়। এ ছাড়া ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মহিলা কারাগারের মেট্রন ফাতেমাকে প্রত্যাহার করা হয়। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা