সিলেট অফিস
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৩ ১৮:৫৩ পিএম
সিলেটের ঐতিহ্যবাহী ক্বীন ব্রিজ। ছবি : সংগৃহীত
সিলেটের ঐতিহ্যবাহী ক্বীন ব্রিজের সংস্কার কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকাল থেকে এই সংস্কার শুরু করেছে রেল বিভাগ।
বুধবার (১৬ আগস্ট) থেকে ব্রিজটির দুই প্রবেশমুখে ব্যারিকেড দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয় সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। এর আগে ঝুঁকিপূর্ণ সেতুটি কয়েক দফা সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। অবশেষে দেরিতে হলেও শুরু হয়েছে সংস্কার কাজ।
এসব তথ্য নিশ্চিত করেছেন রেলওয়ে বিভাগের পূর্বাঞ্চলের সেতু প্রকৌশলী জিসান দত্ত। তিনি জানান, কাজের মেয়াদ দুই মাস ধরা হলেও আশা করছি এর আগেই কাজ শেষ করতে পারব।
কিন ব্রিজ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নিয়ন্ত্রণাধীন হলেও সংস্কার কাজ করছে বাংলাদেশ রেলওয়ের প্রকৌশল বিভাগ।
সওজ সিলেটের নির্বাহী প্রকৌশলী মো. মুস্তাফিজুর রহমান জানান, লোহার তৈরি এই সেতু নির্মাণ করা হয়েছিল রেলওয়ে বিভাগের মাধ্যমে। লোহার কাঠামোর কাজে রেলওয়ের প্রকৌশল বিভাগ অধিক পারদর্শী। তাই কিনব্রিজ সংস্কার ও কিছু মেরামতকাজের জন্য রেলওয়ে কর্তৃপক্ষকে দায়িত্ব দেওয়া হয়েছে। সেতুর কাঠামো যথাযথ রেখেই রেলওয়ের সেতু বিভাগ সংস্কার কাজ করবে।
সওজ সূত্র জানায়, জরাজীর্ন কিনব্রিজের সংস্কারের বিষয়ে ২০২০ সালে সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সমন্বয় সভায় আলোচনা করা হয়। সেখানে সেতু সংস্কারের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিন সদস্যের একটি কমিটি করে দেওয়া হয়। পরবর্তী সময়ে সওজের পক্ষ থেকে সেতুটি সংস্কারে মন্ত্রণালয়ের কাছে অর্থ বরাদ্দ চেয়ে আবেদন করা হয়। ২০২১ সালের ফেব্রুয়ারি ২ কোটি ১৫ লাখ টাকা বরাদ্দ পায় সওজ সিলেট অফিস। ওই বছরেরই জুনে বরাদ্ধের টাকা রেলওয়ের সেতু বিভাগকে বুঝিয়ে দেওয়া হয়।
সিলেট সিটি করপোরেশন (সিসিক) জানায়, নগরীর মাঝামাঝি এলাকার এই সেতু সড়ক ও জনপথ অধিপ্তরের নিয়ন্ত্রণাধীন। তবে এটি দেখভাল করে সিলেট সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগ।
২০১৯ সালের ১ সেপ্টেম্বর সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়লে দুই দিকে লোহার বেষ্টনী দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ করে সিটি করপোরেশন। তবে নাগরিকদের প্রতিবাদের মুখে ৫২ দিন পর যান চলাচলের জন্য সেতুটি খুলে দেওয়া হয়।
সিসিকের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন, কিনব্রিজ সিলেট তথা দেশের একটি ঐতিহ্য। তাই এটি টিকিয়ে রাখার স্বার্থে যানচলাচল বন্ধ করে ফুটওভার ব্রিজে (পদচারী-সেতু) রূপান্তর করার জন্য একটি প্রস্তাব ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে সওজকে দিয়েছিলাম।
সিলেটের পরিচিতির অংশ হয়ে ওঠা কিনব্রিজ নির্মাণ হয় ব্রিটিশ আমলে। টানা দুই বছর নির্মাণকাজ শেষে ১৯৩৬ সালে সেতুটি চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছিল। তৎকালীন আসাম প্রদেশের গভর্নর মাইকেল ক্বীনের নামে এই সেতুর নামকরণ হয় ‘ক্বীন ব্রিজ’। প্রায় নয় দশক ধরে সচল সেতুটি বাংলাদেশের অন্যতম প্রাচীন এবং সিলেট অঞ্চলে সুরমা নদীর ওপর প্রথম সেতু। এর দৈর্ঘ্য ১ হাজার ১’শ ৫০ ফুট এবং প্রস্থ’ ১৮ ফুট। দীর্ঘ দিন ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে সেতুটি।