ঠাকুরগাঁও প্রতিবেদক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৩ ১৭:৫৬ পিএম
বাংলাদেশ ছাত্রলীগের লোগো।
মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদন্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শোক প্রকাশ করে আবেগঘন স্ট্যাটাস দেওয়ায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ৯ নং সেনগাঁও ইউনিয়ন ছাত্রলীগের ধর্ম-বিষয়ক সম্পাদক ইউসুব ইসলামের বর্তমান পদ ও প্রাথমিক সদস্য পদ স্থগিত করা হয়েছে।
একই কারণে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে ৫নং সৈয়দপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসানকে।
বুধবার (১৬ আগস্ট) রাতে পীরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি তানভীর রহমান মিঠু ও সাধারণ সম্পাদক নবাব হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিষয়টি নিয়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নবাব হোসেন বলেন, ইউসুব ও মেহেদী তাদের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদন্ডপ্রাপ্ত জামায়াত নেতাকে নিয়ে আবেগঘন পোস্ট দেয়। যা ছাত্রলীগের দলীয় শৃঙ্খলার পরিপন্থী। এ কারণে ৩ মাসের জন্য ইউসুব ইসলামকে বর্তমান পদ ও প্রাথমিক সদস্য পদ স্থগিত ও মেহেদী হাসানকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। ছাড়াও তাদের স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে আবেদন করা হবে।