সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৩ ১৭:৫৩ পিএম
আপডেট : ১৭ আগস্ট ২০২৩ ১৮:২০ পিএম
রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজ। ফাইল ছবি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এইচএসসি পরীক্ষা চলাকালীন সিলিং ফ্যান ছিঁড়ে এক পরীক্ষার্থী আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ আগস্ট) পৌনে ১২টায় রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।
আহত ওই শিক্ষার্থীর নাম ফাল্গুনী আক্তার ঈশা। তিনি সরকারি আদমজী এম ডব্লিউ কলেজের ছাত্রী।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, ঘটনার পর ওই পরীক্ষার্থীকে চিকিৎসা দেওয়া হয়েছে। আহত হওয়ায় পরীক্ষার জন্য তাকে অতিরিক্ত সময় দিয়েছে কর্তৃপক্ষ। এখন সে সুস্থ আছে।
এম ডব্লিউ কলেজের শিক্ষক হাসিবুর রহমান বলেন, আমরা খবর শুনেছি। তবে আমাদের সঙ্গে ওই শিক্ষার্থী বা তার পরিবারের কোনো সদস্য যোগাযোগ করেননি। জানালে হয়তো বলতে পারতাম।
সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নূরুল ইসলামকে একাধিকবার ফোন দিলেও তার মোবাইল বন্ধ পাওয়া যায়।
সহকারী প্রধান শিক্ষক হাবিবুর রহমান বলেন, এ বিষয়ে আমার বক্তব্য দেওয়ার কিছু নেই। আপনি প্রধান শিক্ষককে কল দিন।
পরীক্ষার্থীরা জানান, পরীক্ষা চলাকালীন হঠাৎ সিলিং ফ্যান ছিঁড়ে নিচে পড়ে। ফ্যানের পাখার একটি অংশের সঙ্গে বাড়ি লেগে ঈশার গালের ডান পাশ কেটে যায়। পরে কলেজে নিয়োজিত একজন চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন। গালের ডান পাশে তিনটি সেলাই করা হয়েছে। চিকিৎসা শেষে আবারও সে পরীক্ষায় অংশ নেয়।