× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাতীয় শোক দিবসের সভায় যান না এমপি নদভী

সুবল বড়ুয়া, চট্টগ্রাম

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৩ ১২:০৮ পিএম

আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী।

আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে যান না চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী।

গত মঙ্গলবার সাতকানিয়া ও লোহাগাড়ায় জাতীয় ও দলীয় কোনো অনুষ্ঠানে অংশ নেননি তিনি। শুধু এবারই নয়, এর আগে ২০১৪ ও ২০১৮ সালে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকে একবারও নদভী জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে যোগ দেননি। এতে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা গেছে। তারা বলছেন, আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী মূলত জামায়াত ঘরানার সংসদ সদস্য হওয়ায় জাতির পিতার শাহাদতবার্ষিকীর অনুষ্ঠানে তিনি অংশ নেন না।

সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী বলেন, ‘সাতকানিয়ায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, ১৫ আগস্ট শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল করেছি। এমপি নদভী সাহেব কেন আসেননি সেটা আমি সঠিক জানি না। ১৫ আগস্টের অনুষ্ঠানে তিনি আমাকে আসবেন বলেছিলেন। কিন্তু আসেননি।’

তবে স্থানীয় সংসদ সদস্য নদভীর বিষয়ে বেশ কিছু তথ্য দিয়েছেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এম এ মোতালেব। তিনি বলেন, ‘এমপি নদভী সাহেব মূলত জামায়াত। ওনার স্ত্রী জামায়াতের সাথী। এখন ওরা নকল আওয়ামী লীগ সেজেছে। নানা কারণে ও কৌশলে আওয়ামী লীগ থেকে এমপির নমিনেশন পাইছেন। ওনাদের কাছ থেকে এতটুকু আশা করা যায় না। ১৫ আগস্টের অনুষ্ঠানে আসতে এমপি সাহেবকে সাতকানিয়ার ইউএনও সাহেবও দাওয়াত দিয়েছেন। আমাদের পার্টি অফিসেও অনুষ্ঠান করেছি। একটিতেও তিনি আসলেন না। আসলে আসবার মন মানসিকতা নেই ওনার। আমরা তো অনেক কাজকর্ম ফেলেই চলে এসেছি।’ 

১৫ আগস্ট সাতকানিয়ার মতো লোহাগাড়ায়ও উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবসে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন হিরু বলেন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও দোয়া মাহফিলে আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন। তবে স্থানীয় সংসদ সদস্য অনুষ্ঠানে ছিলেন না। 

লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী বলেন, ‘২০১৪ ও ২০১৮ সালে নদভী সাহেব আওয়ামী লীগের সংসদ সদস্য হয়েছেন। সেই থেকে লোহাগাড়ায় জাতীয় ও আওয়ামী লীগের কোনো অনুষ্ঠানে আসেননি।’ 

এমপি আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী শোক দিবসে অংশ না নেওয়া প্রসঙ্গে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, ‘বঙ্গবন্ধুকে হয়তো তিনি (এমপি নদভী) এখনও ধারণ করতে পারেননি। তাই ১৫ আগস্টে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে তিনি অংশ নেন না। অন্য দল থেকে এসে তিনি এমপি হয়েছেন, তাই হয়তো আদর্শগতভাবে আওয়ামী লীগেকে এখনও ধারণ করতে পারেননি। যা অত্যন্ত দুঃখজনক।’

সাতকানিয়ার সংসদ সদস্য নদভীর ফোন নম্বরে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি। পরে তার পিএস মোহাম্মদ এরফানকে বক্তব্য নেওয়ার বিষয়টি জানালে তিনি বলেন, ‘আপনার ফোন রিসিভ করতে আমি এমপি সাহেবকে বলে দিচ্ছি।’ পরে কয়েকবার যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা