কক্সবাজার অফিস
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৩ ১৬:১৪ পিএম
আপডেট : ১৬ আগস্ট ২০২৩ ১৬:৫৯ পিএম
গ্রেপ্তার রাসেল বাহিনীর ৭ সদস্য। প্রবা ফটো
কক্সবাজারের উখিয়া পাহাড়ের গহিনে অভিযান চালিয়ে একটি সশস্ত্র বাহিনীর প্রধানসহ ৬ সহযোগীকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বাহিনীটি বলছে, এ সময় তাদের কাছ থেকে ৬টি দেশীয় একনলা বন্দুক, দুইটি এলজি, ১২ রাউন্ড শর্টগানের কার্তুজ, ৭ রাউন্ড রাইফেলের কার্তুজ, এক রাউন্ড খালি কার্তুজ, একটি রামদা, ২০ হাজার পিস ইয়াবা এবং চারটি ফোন জব্দ করা হয়।
মঙ্গলবার (১৫ আগস্ট) রাত সাড়ে ৮টা থেকে ভোর পর্যন্ত অভিযান চালিয়ে উখিয়ার পালংখালী ইউনিয়নের তেলখোলা বটতলী পাহাড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার (১৬ আগস্ট) দুপুরে র্যাব-১৫ এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ সাদিকুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তাররা হলেন, উখিয়ার থাইংখালী এলাকার শেখ রাসেল, টেকনাফের রঙ্গিখালী এলাকার মো. ছলিম, একই এলাকার নুরুল আমিন, নুরুল আমিনের ছেলে কায়সার উদ্দিন, একই এলাকার সাদেক হোসেন, টেকনাফের কাঞ্জর পাড়া এলাকার সাহাব উদ্দিন, উখিয়ার থাইংখালী এলাকার নুরুল হাকিম।
র্যাব কর্মকর্তা সৈয়দ সাদিকুল হক বলেন, রাসেল বাহিনী দীর্ঘদিন ধরে ডাকাতি, অপহরণ, মানব পাচার, মাদক পাচার, ধর্ষণসহ বিভিন্ন অপরাধ করে আসছিল। রাসেল বাহিনীর সদস্যরা র্যাব, পুলিশ, বন বিভাগসহ আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা ও গুলি বর্ষণ করেছিল। তার অবস্থান নিশ্চিত হওয়ার পর র্যাব পাহাড়ের গহিনে অভিযান চালায়। এ সময় ৭ জনকে গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, এর আগে গত ২১ সেপ্টেম্বর উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে অভিযান চালিয়ে রাসেল বাহিনীর আস্তানা থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করেছিল।
গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা করে উখিয়া থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানান এই কর্মকর্তা।