বাগেরহাট প্রতিবেদক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৩ ১৬:১২ পিএম
আপডেট : ১৬ আগস্ট ২০২৩ ১৭:০৭ পিএম
বাগেরহাটের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট স্কুল শিক্ষার্থীদের আন্দোলন। প্রবা ফটো
ইন্টার্নশিপ বহালসহ চার দফা দাবিতে আন্দোলনে নেমেছেন দেশের সরকারি ১৩টি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা। এরই অংশ হিসেবে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন বাগেরহাট ম্যাটস স্কুলের শিক্ষার্থীরা। বুধবার (১৬ আগস্ট) বেলা ১১টায় ক্যাম্পাসের ছাত্র হোস্টেলের সামনে জড়ো হন তারা।
এ সময় শিক্ষার্থীরা ‘বঙ্গবন্ধুর বাংলায় ভৈষম্যের ঠাঁই নাই’ ‘রক্ত লাগলে রক্ত নিন-তবু দাবি মেনে নিন’-সহ নানা স্লোগান দিতে থাকেন। পরে দুপুর ১২টায় দাবি পূরণের লক্ষে বাগেরহাট ম্যাটসের অধ্যক্ষ ডা. শংকর কুমার ঘোষের কাছে স্মারকলিপি দেন শিক্ষার্থীরা।
ম্যাটস শিক্ষার্থীদের দাবিগুলো হলো- ইন্টার্নশিপ বহাল রেখে কোর্স কারিকুলাম সংশোধন, এ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ নামে স্বতন্ত্র বোর্ড গঠন, কর্মসংস্থান সৃষ্টি ও অতিবিলম্বে নিয়োগ প্রদান এবং বঙ্গবন্ধুর পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষার সুযোগ প্রদান।
বাগেরহাট ম্যাটস তৃতীয় বর্ষের শিক্ষার্থী জিয়াউল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘সম্প্রতি ম্যাটস শিক্ষা কারিকুলামে ইন্টার্নশিপ বাতিল করা হয়েছে। যা দক্ষ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে গড়ে উঠা থেকে বঞ্চিত করবে।’
মেহেদী হাসান নামের আরেক শিক্ষার্থী বলেন, ‘আমাদের দাবিগুলো খুবই যৌক্তিক। এতে ম্যাটস শিক্ষার্থীরা স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।’
শিমু খাতুন বলেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশের ম্যাটস শিক্ষার্থীরা স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কিন্তু ম্যাটস শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট করতে একটি কুচক্রি মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ম্যাটসকে রক্ষা করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন এই শিক্ষার্থী।
ইমাম হোসাইন রাব্বি নামের আরেক শিক্ষার্থী বলেন, ‘ম্যাটস শেষ করার পরে শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুযোগ দেওয়া প্রয়োজন।’
জানতে চাইলে বাগেরহাট ম্যাটসের অধ্যক্ষ ডা. শংকর কুমার ঘোষ বলেন, দীর্ঘদিন ধরে ম্যাটস শিক্ষার্থীদের নিয়োগের কোনো বিজ্ঞপ্তি নেই। অনেক পদ খালি রয়েছে। শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক। তাদের দাবি সম্বলিত স্মারকলিপিটি যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।