রাজশাহী অফিস
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৩ ১৪:১১ পিএম
আপডেট : ১৬ আগস্ট ২০২৩ ১৬:০৬ পিএম
রাজশাহী আদালত চত্বর থেকে তোলা। প্রবা ফটো
রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সহ-সম্পাদক শফিকুল হক মিলনকে বিশেষ ক্ষমতা আইনে পুনঃগ্রেপ্তারের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে চাঁদকে এক দিনের রিমান্ড দেওয়া হয়েছে।
বুধবার (১৬ আগস্ট) বেলা ১১টার দিকে রাজশাহী অতিরিক্ত মেট্রোপলিটন আদালতের বিচারক শরিফুল ইসলাম এ আদেশ দেন।
আদালতের অতিরিক্ত (সরকারি কৌঁসুলি) পিপি মনিমুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সদ্য সমাপ্ত রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের আগে রাজপাড়া থানার লক্ষীপুর থেকে বিএনপির কয়েকজন নেতাকর্মীদের বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে গ্রেপ্তার দেখান হয়। ওই মামলায় বিএনপির নেতা চাঁদের এক দিনের রিমান্ড এবং মিলনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।’
আদালত সূত্রে জানা গেছে, রাজপাড়া থানার বিশেষ ক্ষমতা আইনের মামলায় এজাহারভুক্ত আসামি জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। তবে আদালত এক দিনের রিমান্ড দেন। একই মামলায় কারাগারে থাকা বিএনপির কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সহ-সম্পাদক শফিকুল হক মিলনকে শ্যোন গ্রেপ্তারের আদেশ দেয় আদালত।
এর আগে বিএনপির এই দুই নেতা জামিনের দাবিতে আদালত চত্বরে শতাধিক নেতাকর্মী অবস্থান নেয় এবং স্লোগান দেয়। এ সময় পুলিশ আদালত চত্বরে কড়াকড়ি আরোপ করে। পরে কঠোর নিরাপত্তার সঙ্গে প্রিজনভ্যানে করে আসামিদের কারাগারে নিয়ে যাওয়া হয়।