বান্দরবান প্রতিবেদক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৩ ১৩:০৩ পিএম
আপডেট : ১৫ আগস্ট ২০২৩ ১৫:২৮ পিএম
বান্দরবান-রোয়াংছড়ি সড়ক যোগাযোগ চালু হচ্ছে আগামীকাল বুধবার। প্রবা ফটো
বন্যা ও পাহাড় ধসের কারণে টানা ৯ দিন বান্দরবান-রোয়াংছড়ি সড়ক বন্ধ থাকার পর বুধবার (১৬ আগস্ট) থেকে পুনরায় চালু হচ্ছে। মঙ্গলবার (১৫ আগস্ট) বান্দরবান সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোসলেহ উদ্দিন চৌধুরী প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘চলতি মাসের প্রথম দিকে অতি বৃষ্টির কারণে বান্দরবান-রোয়াংছড়ি সড়কের ৬-৭টি জায়গায় পাহাড় ধসে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। ৩ দিন ধরে সড়কের ওপর মাটির স্তুপ সরানো কাজ করা হয়েছে। যানবাহন চলাচলের উপযোগী করা হয়েছে।’
বান্দরবানের রাঙ্গামাটি-রোয়াংছড়ি বাস স্টেশনের লাইনম্যান মো. পারভেজ বলেন, ‘বান্দরবান-রোয়াংছড়ি যানবাহন চলাচল এতদিন বন্ধ ছিল। বন্যার পানি নেমে যাওয়া এবং সড়কের ওপর পাহাড় ধসের মাটি সরানো কাজ শেষ করে যানবাহন চলাচলের উপযোগী করা হয়েছে। ফলে বুধবার থেকে বান্দরবান-রোয়াংছড়ি সড়কে পুনরায় যানবাহন চলবে।’
এর আগে ১৪ আগস্ট বান্দরবান-রাঙ্গামাটি সড়কে গণপরিবহন চলাচল শুরু হয়েছে। তবে গত ৮ আগস্ট হতে সড়ক ভেঙে যাওয়ার কারণে বান্দরবান থেকে রুমা -থানচি যানবাহন চলাচল এখনও বন্ধ রয়েছে।
শৈল শোভা শ্রমিক ইউনিয়নের সভাপতি অমল কান্তি দাশ জানান, আজকে স্টেশনে ৯টি গাড়ি পাঠানো হয়েছে। আগামীকাল বান্দরবান হতে রোয়াংছড়ি গাড়ি স্বাভাবিক নিয়মে চলবে।