রংপুর ব্যুরো
প্রকাশ : ১০ অক্টোবর ২০২২ ১৭:২০ পিএম
আপডেট : ১০ অক্টোবর ২০২২ ১৭:৩১ পিএম
সংঘর্ষের পর অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। ছবি : সংগৃহীত
রংপুরের পীরগঞ্জে স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনকে ঘিরে দুই গ্রুপের সংঘর্ষে আকাশ নামে অষ্মট শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ সময় আহত হন ওসিসহ অন্তত ২০ জন।
সোমবার (১০ অক্টোবর) সকালে উপজেলার ৫ নম্বর মদনখালী ইউনিয়নের খেতাবেরপাড়া উচ্চ বিদ্যালয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর জেলার সহকারী পুলিশ সুপার (সার্কেল-ডি) মো. কামরুজ্জামান।
সংঘর্ষের পর থেকে উত্তেজনা বিরাজ করছে ওই এলাকায়। অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়দের সুত্রে জানা যায়, খেতাবেরপাড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে নির্বাচনকে ঘিরে সোমবার সকাল থেকে প্রধান শিক্ষক নুরন্নবী তালুকদার ও সহকারী শিক্ষক আনোয়ারুল ইসলাম গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। বেলা ১১টার দিকে তাদের মধ্যে সংঘর্ষ শুরু হলে বল্লমের আঘাতে আকাশ মারা যায়।
এ সময় পীরগঞ্জ থানার ওসি আবদুল আউয়ালসহ প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে রাখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওসি আবদুল আউয়ালসহ আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান জানান, দুই গ্রুপের সংঘর্ষে থানার ওসি, দুই এসআই এবং এক কনস্টেবলসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
প্রবা/এইচকে/এমআই