× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১২ বছর পর চালু হচ্ছে রামসাগর একপ্রেস ট্রেন

গাইবান্ধা প্রতিবেদক

প্রকাশ : ১২ আগস্ট ২০২৩ ১২:১৭ পিএম

আপডেট : ১২ আগস্ট ২০২৩ ১৮:১২ পিএম

ট্রেন। ফাইল ফটো

ট্রেন। ফাইল ফটো

গাইবান্ধায় দীর্ঘ এক যুগ বন্ধ থাকার পর ফের চালু হচ্ছে বহু কাঙ্ক্ষিত ‘রামসাগর এক্সপ্রেস’ ট্রেন। এটি চালুর খবরে জেলাজুড়ে ছড়িয়েছে আনন্দ।

শনিবার (১২ আগষ্ট) বেলা ১১টার দিকে রামসাগর এক্সপ্রেস ট্রেনটি পুনরায় চালুর কথা নিশ্চিত করেছেন গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য মাহামুদ হাসান রিপন। এর আগে তিনি তার ভেরিফাইড ফেসবুক আইডির পোস্টে উল্লেখ করেন, আগামী ২৯ আগস্ট ট্রেনটি উদ্বোধন করার কথা রয়েছে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের।

সংসদ সদস্য মাহামুদ হাসান রিপন বলেন, উত্তরাঞ্চলের বহুল জনপ্রিয় রামসাগর এক্সপ্রেস ট্রেনটি আগামী ২৯ আগস্ট পুনরায় চালু হতে যাচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। রামসাগর এক্সপ্রেস ট্রেনটি পুনরায় চালু করার ব্যবস্থা গ্রহণের জন্য আমার নির্বাচনী এলাকার (৩৩ গাইবান্ধা-৫) জনগণের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতি অশেষ কৃতজ্ঞতাজানাই। রামসাগর এক্সপ্রেস ট্রেনটি পুনরায় চালুর ফলে এই অঞ্চলের মানুষ যাতায়াত ব্যবসা-বাণিজ্যসহ সব ক্ষেত্রে নানাভাবে উপকৃত হবে।

গাইবান্ধা রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, ২০১০ সালের ১২ নভেম্বর চালু করা হয় ‘রামসাগর এক্সপ্রেস’ ট্রেনটি। কিছুদিন চলার পর ২০১১ সালের জুলাই মাসে বন্ধ হয়ে যায়। সেসময় গাইবান্ধার বোনারপাড়া থেকে রংপুরের কাউনিয়া ও রংপুর হয়ে দিনাজপুর পর্যন্ত চলাচল করতো এটি। ট্রেনটি গাইবান্ধা থেকে মাত্র সাড়ে ৪ ঘণ্টায় দিনাজপুর পৌঁছে যেত। দিনাজপুরগামী এই ট্রেনটি দিনাজপুর থেকে বেলা ২.৫০ মিনিটে বোনারপাড়া জংশন স্টেশনের উদ্দেশে ছেড়ে এসে পুনরায় সকাল ৬.৩০ মিনিটে বোনারপাড়া থেকে দিনাজপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করতো।

ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বোনারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসিরুল ইসলাম স্বপন বলেন, কম ভাড়া এবং নির্দিষ্ট সময়ে পৌঁছানোর কারণে ট্রেনটি গাইবান্ধার মানুষের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছিল। কিন্তু দীর্ঘদিন ট্রেনটি বন্ধ থাকায় কষ্ট হলেও মানুষজন বিকল্প যানবাহনে চলাচল করতে বাধ্য হয়েছিল। বিশেষ করে দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল, কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের অন্যতম যানবাহন ছিল এই ট্রেনটি। নতুন করে ট্রেনটি চালু হওয়ার খবরে পুরো উত্তরাঞ্চল জুড়ে যেন আনন্দের বন্যা বইছে।

গাইবান্ধা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আবুল কাশেম সরকার বলেন, ‘রামসাগর এক্সপ্রেস ট্রেনটি চালুর বিষয়ে আমরা এমপি মহোদয়ের ফেসবুক থেকে জেনেছি।এ ব্যাপারে কর্তৃপক্ষের কাছে থেকে এখন পর্যন্ত লিখিত নির্দেশনা পাইনি। তবে ট্রেনটি চালু হলে এই অঞ্চলের মানুষের উপকার হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা