চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১১ আগস্ট ২০২৩ ২১:৫৫ পিএম
শেখ হাসিনার বাংলাদেশে একজন লোকও খাবারের অভাবে কষ্ট পাবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন।
তিনি বলেন, দেশের যেকোন দুর্যোগ ও সংকটে দেশের একমাত্র রাজনৈতিক দল আওয়ামী লীগই জনগণের পাশে থাকে। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এবং আওয়ামী লীগ আপনাদের পাশে আছে, বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত থাকবে।
শুক্রবার (১১ আগস্ট) বিকালে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়ন, আমিরাবাদ ইউনিয়ন ও আধুনগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।
নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, বিস্কুট, ২ লিটার পানি ও মোমবাতি।
আমিনুল ইসলাম আমিন বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সার্বক্ষণিক বন্যা পরিস্থিতির খোঁজ খবর রাখছেন। ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারে পর্যাপ্ত সহায়তা দেওয়া হবে। প্রধানমন্ত্রীর ওপর আস্থা রাখুন।
খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আনোয়ার কামাল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, দপ্তর সম্পাদক শাহজাদা তৈয়বুল হক বেদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ, মোজাহিদ বিন আলম কাইছার, আবু ইউসুফ, আজিজুর রহমান প্রমুখ।