নড়াইল প্রতিবেদক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৩ ২১:১৮ পিএম
মুক্তিযোদ্ধা বীরবিক্রম আফজাল হোসেন শিকদার। প্রবা ফটো
নড়াইলের লোহগড়ার মুক্তিযোদ্ধা বীরবিক্রম আফজাল হোসেন শিকদার আর নেই। শুক্রবার (১১ আগস্ট) সকালে যশোরের সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি দুই ছেলে, চার মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বীরবিক্রম আফজাল হোসেন লোহাগড়ার ধোপাদাহ গ্রামের বাসিন্দা ছিলেন।
আফজাল হোসেন শিকদারের ছোট ছেলে শাহ আলম শিকদার জানান, বৃহস্পতিবার রাতে তার আব্বা বেশ অসুস্থ হয়ে পড়েন। পরে অ্যাম্বুলেন্সে যশোর সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টা ৪০ মিনিটে তিনি ইন্তেকাল করেন।
গতকাল জুমার নামাজের পর নিজ গ্রামে সামাজিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় আফজাল হোসেন শিকদারের দাফন সম্পন্ন হয়েছে। তার জানাজায় নড়াইল জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার এসএম গোলাম কবীরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজগর আলীর নেতৃত্বে আফজাল হোসেন শিকদারকে গার্ড অব অনার প্রদান করা হয়।