× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লরিচাপায় পোশাকশ্রমিক নিহত, বিচার চেয়ে সড়ক অবরোধ

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১০ আগস্ট ২০২৩ ১১:০৫ এএম

আপডেট : ১০ আগস্ট ২০২৩ ১৬:৪৩ পিএম

লরিচাপায় পোশাকশ্রমিক নিহত, বিচার চেয়ে সড়ক অবরোধ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেড এলাকায় লরির চাপায় এক নারী পোশাকশ্রমিক নিহতের ঘটনায় সড়ক অবরোধ করেছেন কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার (১০ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে ইপিজেডের গেটের সামনে আদমজী-চাষাঢ়া সড়ক অবরোধ করে ঘটনার বিচার চান তারা।

এতে এ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে বিচারের আশ্বাস দিলে শ্রমিকরা সড়ক ছেড়ে দেন। এতে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘শ্রমিক নিহতের বিচার দাবিতে তারা ১০ থেকে ১৫ মিনিটের মতো সড়কে অবস্থান করেছিলেন। খবর পেয়ে গিয়ে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিই।’

এর আগে বুধবার সকালের দিকে আদমজী ইপিজেডের সামনে একটি লরির ধাক্কায় প্রাণ হারান পোশাকশ্রমিক পারভিন আক্তার। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর গ্রামের শামসুল হকের মেয়ে। সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেড এলাকায় থাকতেন।

নিহতের খালাতো ভাই মো. ইমরান হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আমার বোন ঊর্মি কোম্পানির ইউএইচএম লিমিটেডে পোশাকশ্রমিক হিসেবে কাজ করত। গতকাল সকালের দিকে কারখানায় যাওয়ার পথে একটি তেলের লরির ধাক্কায় সে গুরুতর আহত হয়। উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

এদিকে এ ঘটনায় এখনও কোনো মামলায় হয়নি জানিয়ে শিল্পাঞ্চল পুলিশ-৪ (নারায়ণগঞ্জ)-এর পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, ‘শ্রমিকরা আইনি প্রক্রিয়া না বুঝে সড়ক অবরোধ করেছিল। গতকাল সড়ক দুর্ঘটনায় যার মৃত্যু হয়েছে, তার এখনও দাফনকাজ সম্পন্ন হয়নি। পাশাপাশি এ ঘটনায় থানায় কোনো মামলাও হয়নি। পরিবার যদি মামলা না করে তাহলে পুলিশ বাদী হয়ে মামলা করবে। এটি সময়সাপেক্ষ বিষয়। দোষীদের পার পেয়ে যাওয়ার সুযোগ নেই। আমরা শ্রমিকদের বিচারের আশ্বস্ত করে তাদের সড়ক থেকে সরিয়ে দিয়েছি। এখন যান চলাচল স্বাভাবিক।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা