বগুড়া অফিস
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৩ ২০:৩৪ পিএম
আপডেট : ০৯ আগস্ট ২০২৩ ২২:০৬ পিএম
অনিকা সরকার বিন্দু। প্রবা ফটো
বগুড়ার শেরপুরে এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৯ আগস্ট) সকালে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের বৃন্দাবনপাড়ার নিজ বাাড়ির শোবার ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ওই শিক্ষার্থীর নাম অনিকা সরকার বিন্দু। অনিকা বৃন্দাবনপাড়ার অতুল চন্দ্র সরকারের মেয়ে। শেরপুর শেরউড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এবারের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
শেরপুর থানার পরিদর্শক ওসি (তদন্ত) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়া গেলে মৃত্যুর আসল কারণ জানা ও বলা সম্ভব হবে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।
তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে কয়েকটি ডায়েরি ও চিরকুট উদ্ধার করা হয়েছে। সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে মৃত্যুর রহস্য উদঘাটন করা সম্ভব হবে।
চিরকুট সম্পর্কে জানতে চাইলে শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বলেন, নিহতের হাতের লেখা চিরকুটে লেখা আছে, ‘বাবা-মা তোমরা ভালো থেকো, আর কোনোদিন বিরক্ত করব না।’
নিহতের স্বজনরা জানায়, মঙ্গলবার রাতের খাবার খেয়ে ঘুমানোর জন্য নিজ কক্ষে যায় অনিকা। বুধবার সকালে পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে পড়েন। সকাল সাড়ে ৮টা পর্যন্ত অনিকা ঘুম থেকে জেগে না ওঠায় তার মা তাকে ডাকেন। কোনো সাড়াশব্দ না পেয়ে রুমের অন্য দরজা খুলে অনিকাকে ফ্যানের সঙ্গে ঝুলতে দেখতে পান। প্রতিবেশীরা থানায় খবর দিলে পুলিশ এসে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। সেই সঙ্গে ঘটনাস্থল থেকে নিহতের কয়েকটি ডায়েরি ও চিরকুট লেখা কাগজ উদ্ধার করা হয়।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) সজীব শাহরিনসহ পুলিশের একাধিক কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।