রাঙামাটি প্রতিবেদক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৩ ১৭:১৬ পিএম
আপডেট : ০৯ আগস্ট ২০২৩ ১৮:৪৯ পিএম
আন্তর্জাতিক আদিবাসী দিবসের আলোচনা সভায় বক্তব্য দেন জেএসএসের সহসভাপতি ঊষাতন তালুকদার। প্রবা ফটো
দেশের সংখ্যালঘু জাতিসত্তার আদিবাসী পরিচয় দেওয়া গোষ্ঠীকে সন্ত্রাসী আখ্যা দিয়ে অশান্তির পাঁয়তারা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জনসংহতি সমিতির (জেএসএস) সহসভাপতি ঊষাতন তালুকদার।
তিনি বলেছেন, সব জাতি ও সমাজে ভালো-খারাপ, চাঁদাবাজ-সন্ত্রাসী আছে। যারা নিজেকে আদিবাসী বলে পরিচয় দেয় তাদের সন্ত্রাসী বলা হচ্ছে। এটা ঠিক নয়। সন্ত্রাসী বলে উস্কে দিয়ে অশান্তি করার এক পাঁয়তারা করা হচ্ছে।
বুধবার (৯ আগস্ট) সকালে রাঙামাটির পৌরসভা প্রাঙ্গণে আন্তর্জাতিক আদিবাসী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঊষাতন তালুকদার বলেন, ‘সারা বিশ্বে ৭০টি দেশে প্রায় ৪০ কোটি আদিবাসী রয়েছে। যারা নিজেকে আদিবাসী বলে পরিচয় দেয় তাদেরকে সন্ত্রাসী বলা হচ্ছে। আবেগতাড়িত হয়ে দায়িত্বশীলতা হারিয়ে যা তা বলা ঠিক নয়। অশান্তিতে আমরা কোনোভাবে বিশ্বাসী নই। আমরা শান্তিপূর্ণ জনতা, শান্তিপূর্ণ আদিবাসী, শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই।’
তিনি বলেন, ‘উদারতা ও পরিচ্ছন্ন মনে স্ব-ইচ্ছা নিয়ে এগিয়ে আসলে পার্বত্য সমস্যা দ্রুত সমাধান করে নেওয়া যাবে। এটা ঝুলিয়ে রাখলে হবে না। সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। আমাদের আদিবাসী হিসেবে সাংবিধানিকভাবে স্বীকৃতি দিতে হবে।’
আলোচনা সভায় বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা সভাপতিত্ব করেন। এতে আরও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য চঞ্চু চাকমা, সিএইচটি হেডম্যান নের্টওয়ার্কের সহসভাপতি ভবতোষ দেওয়ান, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ রাঙামাটি জেলা শাখার সহসভাপতি তপন কান্তি বড়ুয়া, এমএন লারমা মেমোরিয়াল ফাউন্ডেশন সভাপতি বিজয় কেতন চাকমা, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি রাঙামাটির সভাপতি সমির কান্তি দে, বিলাইছড়ি উপজেলার সাবেক নারী ভাইস চেয়ারম্যান শ্যামা চাকমা প্রমুখ।