খুলনা প্রতিবেদক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৩ ২১:২৩ পিএম
আপডেট : ০৮ আগস্ট ২০২৩ ২২:০৫ পিএম
আদালত থেকে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে পিতা ও পুত্রকে। প্রবা ফটো
খুলনার বটিয়াঘাটায় নারী ফুটবলারদের ওপর হামলার ঘটনায় করা মামলার তিন আসামির জামিন বাতিল করে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে খুলনার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. হাদিউজ্জামান এ আদেশ দেন।
আসামিরা হলেন, নূর ইসলাম খাঁ, তার ছেলে সালাউদ্দিন খাঁ ও মেয়ে নুপুর বেগম।
এর আগে মামলার আসামিরা এক সপ্তাহ জামিন নিয়ে বাড়িতে গিয়ে হামলায় আহত নারী ফুটবলারদের মামলা তুলে নিতে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ উঠেছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. মঞ্জিল মোরশেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নারী ফুটবলারদের ওপর হামলার মামলার আসামিরা জামিন নিয়ে আবারও ভয়ভীতি ও হুমকি দেওয়ায় তাদের জামিন বাতিলের আবেদন জানানো হয়। আসামিরা জামিনের শর্ত ভঙ্গ করায় আদালত তাদের জামিন বাতিল করে দেন।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) কৌশিক রায় জানান, আসামিদের জামিন বাতিল হওয়ায় তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত আছে।