কুমিল্লা প্রতিবেদক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৩ ২০:১৬ পিএম
আপডেট : ০৮ আগস্ট ২০২৩ ২০:২৫ পিএম
ফাইল ছবি
কুমিল্লার বুড়িচংয়ে হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে এ রায় দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩ এর বিচারক রোজিনা খান।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- উপজেলার জগতপুর গ্রামের আবদুল মালেক, মফিজুল ইসলাম, আবু ইউসুফ ও খোকন মিয়া।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) প্রদীপ কুমার দত্ত বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত চারজনই পলাতক আছেন। মারা গেছেন কনু মিয়া, আবদুল মতিনসহ তিনজন আসামি। বাকি নয়জনকে খালাস দিয়েছেন আদালত।
এজাহার সূত্রে জানা গেছে, সম্পত্তির ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করে কুমিল্লা বুড়িচং উপজেলার জগতপুর গ্রামের নজরুল ইসলামের সঙ্গে প্রতিবেশী কনু মিয়ার দ্বন্দ্ব ছিল। এই ঘটনাকে কেন্দ্র করে কনু মিয়া দলবল নিয়ে ২০০৩ সালের ৩১ আগস্ট নজরুল ইসলামের বাড়ি ঘেরাও করে। এ সময় নজরুলের ভাই মনিরুল ইসলাম গরুর দুধ বিক্রি করতে বাড়ি থেকে বের হলে আবদুল মালেক, মফিজুল, ইউসুফ, খোকনরা তাকে কুপিয়ে আহত করে। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কুমিল্লা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত মনিরুল ইসলামের স্ত্রী শিরিনা আক্তার বাদী হয়ে ১৬ জনের নামে মামলা করেন।