কক্সবাজার অফিস
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৩ ১৯:৪২ পিএম
আপডেট : ০৭ আগস্ট ২০২৩ ২১:০৩ পিএম
ফাইল ছবি
কক্সবাজারের চকরিয়া উপজেলায় পাহাড় ধসে মাটির দেয়ালচাপা পড়ে এক পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৭ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের বড়ঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান বিষয়টি নিশ্চিত করেছেন।
তাৎক্ষণিকভাবে মৃতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান জানান, এক সপ্তাহ ধরে থেমে থেমে মাঝারি ও ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এর মধ্যে রবিবার রাত থেকে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বরইতলী ইউনিয়নসহ চকরিয়া উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
তিনি জানান, সোমবার বিকালে বরইতলী ইউনিয়নে দুর্গম পাহাড়ি এলাকায় আনোয়ার হোসেনের ঘরের দেয়ালে পাহাড় ধসে তার দুই শিশুসন্তান চাপা পড়ে। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। মরদেহ দুটি তাদের বাড়িতে রয়েছে।
ইউএনও জেপি দেওয়ান জানান, তিনি ঘটনা শুনে আনোয়ারের বাড়ির দিকে রওনা হয়েছেন।