শেরপুর প্রতিবেদক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৩ ১৫:৩৩ পিএম
আপডেট : ০৭ আগস্ট ২০২৩ ১৭:১১ পিএম
নিহত সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম। ফাইল ছবি
জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবুসহ পাঁচজনের জামিন আবেদন নাকচ করে দিয়েছেন আদালত। এ নিয়ে তৃতীয়বারের মতো আসামিদের জামিন আবেদন নাকচ হলো।
সোমবার (৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বকশীগঞ্জ আমলি আদালতের বিচারক তানভীর আহম্মেদ এ আদেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী ইউসুফ আলী প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, সাংবাদিক নাদিম হত্যা মামলায় গ্রেপ্তার ১৭ আসামির মধ্যে প্রধান আসামি বাবু, মকবুল হোসেন, জাকিরুল, রেজাউল ও মনিরুজ্জামান জামিনের আবেদন করেন। বিচারক বাদী ও বিবাদী পক্ষের আইনজীবীর বক্তব্য শুনে তাদের আবেদন নাকচ করে দেন। এ নিয়ে তৃতীয়বারের মতো আসামিদের জামিন আবেদন নাকচ করলেন আদালত।
গত ১৪ জুন কাজ শেষে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জের পাটহাটি এলাকায় হামলার শিকার হন সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম। ১৫ জুন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় ১৭ জুন নাদিমের স্ত্রী বাদী হয়ে ইউপি চেয়ারম্যান বাবুসহ ২২ জনের নামে বকশীগঞ্জ থানায় হত্যা মামলা করেন। মামলায় আরও ২০ থেকে ২৫ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়।