ফেনী প্রতিবেদক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৩ ১১:০২ এএম
আপডেট : ০৭ আগস্ট ২০২৩ ১১:১১ এএম
উপজেলার ফুলগাজী সদর ইউনিয়নের বরইয়া গ্রামের এনাম মিয়ার বাড়ির পাশে বাঁধে ভাঙন দেখা দিয়েছে। এতে লোকালয়ে পানি ঢুকে রাস্তাঘাট, ফসলি জমিসহ মাছের ঘের তলিয়ে গেছে। প্রবা ফটো
টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সোমবার (৭ আগস্ট) সকালে নদীর পরশুরাম পয়েন্টে ১০০ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। এদিকে পাহাড়ি ঢলের তোড়ে ফুলগাজীতে মুহুরী নদীর বাঁধে ভাঙন দেখা দিয়েছে। এতে তলিয়ে যাচ্ছে লোকালয়। পানিতে এ উপজেলায় অন্তত ছয়টি গ্রাম প্লাবিত হয়েছে।
ফেনীতে চার দিন ধরে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। রবিবার রাত থেকে বৃষ্টি হচ্ছে টানা। এতে গতকাল রাতেই উপজেলার ফুলগাজী সদর ইউনিয়নের বরইয়া গ্রামের এনাম মিয়ার বাড়ির পাশে বাঁধে ভাঙন দেখা দেয়। লোকালয়ে পানি ঢুকে রাস্তাঘাট, ফসলি জমিসহ মাছের ঘের তলিয়ে গেছে। পাশের ফুলগাজী সদর ইউনিয়ন পরিষদ ও কাঁচাবাজার পানির নিচে ডুবে গেছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. সেলিম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘রাতে বরইয়া গ্রামের এনাম মিয়ার বাড়ির পাশে বেড়িবাঁধ ভেঙে লোকালয় তলিয়ে গেছে। বিষয়টি আমরা প্রশাসনকে জানিয়েছি।’
ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ভূঞা বলেন, ‘মুহুরী নদীর পানির চাপ এখনও কমেনি। নদীর আশপাশে বসবাসকারী মানুষের মাঝে ভাঙন আতঙ্ক বাড়ছে। আক্রান্ত এলাকায় শুকনো খাবার বিতরণের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে।’