রংপুর অফিস
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৩ ১৬:০৩ পিএম
আপডেট : ০৬ আগস্ট ২০২৩ ১৬:০৭ পিএম
জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান। প্রবা ফটো
দুর্নীতিমুক্ত প্রশাসন ও স্মার্ট জেলা গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন রংপুরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান। রবিবার (৬ আগস্ট) দুপুরে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন কক্ষে তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
এতে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক এ ডব্লিউ এম এম রায়হান শাহ, রংপুর প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি মোনাব্বর হোসেন মনা, সাধারণ সম্পাদক মেরিনা লাভলী, সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাদল, মাহবুব রহমান প্রমুখ।
ডিসি মোহাম্মদ মোবাশ্বের হাসান বলেন, ‘রংপুর জেলা প্রশাসক কার্যালয় থেকে আমরা প্রত্যেক নাগরিককে সমানভাবে সেবা প্রদানে অঙ্গীকারবদ্ধ। এই দপ্তরের কেউ দুর্নীতিগ্রস্ত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জমি অধিগ্রহণ নিয়ে বিভিন্ন অভিযোগ আসছে, আমি ও বিভাগীয় কমিশনার গুরুত্বসহকারে এসব অভিযোগ তদন্ত করে দেখছি।‘
তিনি আরও বলেন, ‘রংপুরবাসীর জন্য জেলা প্রশাসনের দরজা সার্বক্ষণিক খোলা রয়েছে। যে কোনো সেবা পেতে কেউ হয়রানির শিকার হলে সরাসরি আমাকে ফোন করতে পারবেন এবং আমি তা গুরুত্বসহকারে দেখব। আমি চাই রংপুরবাসীকে সঙ্গে নিয়ে একটি স্মার্ট জেলা হিসেবে রংপুরকে গড়ে তুলতে। এ ছাড়া রংপুরের যে সব বিদ্যমান সমস্যা রয়েছে সেগুলো সবাইকে নিয়ে সমাধানের চেষ্টা করব।’