চট্টগ্রাম অফিস
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৩ ১২:২৫ পিএম
আপডেট : ০৬ আগস্ট ২০২৩ ১২:৫৪ পিএম
প্রতীকী ছবি
চট্টগ্রামের বাঁশখালীতে ভারী বর্ষণে বাড়ির দেয়াল ধসে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৫ আগস্ট) গভীর রাতে বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত তিন বছর বয়সি মোহাম্মদ মিজবাহ ওই ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের পশ্চিম বৈলগাঁও গ্রামের রফিউল আলমের ছেলে।
সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন কামাল প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ভারী বর্ষণে দেয়াল ধসে পড়েছে। এতে শিশুটি মারা গেছে।
এ বিষয়ে পশ্চিম বৈলগাও ওয়ার্ডের ইউপি সদস্য মো. আব্দুল হামিদ বলেন, ‘শিশুটির বাবা কৃষিকাজ করে করেন। আর মা বেশ কিছুদিন ধরে অসুস্থ। শিশুটির মায়ের চিকিৎসাসহ নানা আর্থিক অনটনে থাকায় বর্ষা আসার আগে মাটির ঘরটি তারা মেরামত করতে পারেনি। এখন বৃষ্টির কারণে দেয়াল ধসের ঘটনা ঘটেছে।’
চট্টগ্রামে গত তিন দিন ধরে টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিভিন্ন স্থানে পাহাড় ধসের শঙ্কা রয়েছে বলে জানান সংশ্লিষ্ট ব্যক্তিরা। এ অবস্থায় পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরত ব্যক্তিদের আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে প্রতিদিনই সচেতন করা হচ্ছে।