খুলনা প্রতিবেদক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৩ ২২:১৫ পিএম
আপডেট : ০১ আগস্ট ২০২৩ ২৩:১৭ পিএম
প্রতীকী ছবি
খুলনায় সোহাগ পাটোয়ারী নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে পুলিশ একজনকে আটক করেছে। সোমবার (৩২ জুলাই) রাত ১ টার দিকে নগরীরর ৪ নম্বর কাশেম সড়ক সবুজপল্লী এলাকার প্রধান সড়কের পাশে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সোহাগ ওই এলাকার মালেক পাটোয়ারীর ছেলে।
মঙ্গলবার (১ আগস্ট) সকালে লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘সোমবার রাত ১টার দিকে ফোন করে সোহাগকে ডেকে নেন দুর্বৃত্তরা। সবুজপল্লীর প্রধান সড়কের পাশে পৌঁছামাত্র চাপাতি ও ছুরি দিয়ে শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে ফেলে রেখে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
ওসি এনামুল হক জানান, হত্যাকার সময় চারজন উপস্থিত ছিলেন। তাদের শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে একজন সোহাগকে ফোন করে বাসা থেকে ডেকে নেন। পরে চারজন মিলে তাকে কুপিয়ে, হাত ও পায়ের রগ কেটে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যান। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের কারোই নাম প্রকাশ করা হচ্ছেনা।
স্থানীয়রা জানান, সোহাগ পাটোয়ারী পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন। পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে বলে তাদের ধারণা।