শরীয়তপুর প্রতিবেদক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৩ ১৬:১২ পিএম
আপডেট : ০১ আগস্ট ২০২৩ ১৬:৫০ পিএম
মৃত নিবিড় খা। ছবি: সংগৃহীত
শরীয়তপুরে অপহরণের ১২ ঘণ্টা পর পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১ আগস্ট) ভোর ৬টার দিকে সদরের ডোমসার এলকার একটি ইটভাটার পাশের ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
শরীয়তপুরের পুলিশ সুপার মো. মাহবুবুল আলম প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত নিবিড় খা জেলা শহরের ডোমসার এলাকার মনির খানের ছেলে। সে শিশুকানন কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণিতে পড়ত।
গ্রেপ্তাররা হলেন- পাবনা জেলার সিংগা বাজারের ছব্বুর মিয়ার ছেলে সিয়াম, শরীয়তপুরের খিলগাও গ্রামের জলিল গাজীর ছেলে শাকিল গাজী, আমির হোসেন গাজীর ছেলে তুহিন গাজী এবং শাওন। তাদের মধ্যে সিয়াম হলো অপহরণের শিকার নিবিড়দের ভাড়াটিয়া।
নিহতের পরিবারের বরাতে পুলিশ জানায়, গতকাল সোমবার বিদ্যালয় থেকে বাড়ি ফিরে খেলতে বের হয় নিবিড়। এরপর সন্ধ্যা ৭টার দিকে তার মায়ের কাছে অজ্ঞাত নম্বর থেকে ফোন আসে এবং পঞ্চাশ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পুলিশকে বিষয়টি জানালে নিবিড়কে হত্যা করার হুমকি দেওয়া হয়। নিবিড়ের পরিবার রাতেই বিষয়টি পুলিশকে জানায় এবং অপহরণ মামলা করে।
পুলিশ মুক্তিপণের টাকা চাওয়া ফোন নম্বর ট্রাক করে সিয়াম নামের এক নসিমন চালককে ভোরে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী কীর্তিনাশা নদীর পাড়ের খান ব্রিক ফিল্ডের পাশের একটি ডোবা থেকে মাটি চাপা দেওয়া সিয়ামের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে বাকি আসামিদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সুপার মাহবুবুল আলম বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি তদন্ত চলছে। এই ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তাদেরও গ্রেপ্তার করা হবে।’