গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৩ ১৫:১৯ পিএম
আপডেট : ৩১ জুলাই ২০২৩ ১৬:০৯ পিএম
ছবি : সংগৃহীত
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের ছয় কারারক্ষীকে বদলি করা হয়েছে। রবিবার অতিরিক্ত কারা মহাপরিদর্শকের পক্ষে কারা মহাপরিদর্শক কর্নেল সুজাউর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
সোমবার (৩১ জুলাই) গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ওবায়দুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
বদলি কারারক্ষীদের মধ্যে আলোয়া চৌধুরীকে লক্ষ্মীপুর জেলা কারাগারে, শাম্মী আক্তারকে সুনামগঞ্জ জেলা কারাগারে, সোহেলা আক্তারকে ঝালকাঠি জেলা কারাগারে, সেলিনা আক্তারকে শেরপুর জেলা কারাগারে, ঝর্ণা আক্তারকে চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে, লাকী খাতুনকে কুড়িগ্রাম জেলা কারাগারে বদলি করা হয়েছে।
ওবায়দুর রহমান বলেন, রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারারক্ষী বদলি আদেশের কপি হাতে পেয়েছি। তবে কী কারণে তাদের বদলি করা হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে আমাদের জানানো হয়নি। আদেশ দ্রুত কার্যকরের নির্দেশ থাকায় সোমবার সকালেই তাদের কাশিমপুর মহিলা কারাগার থেকে বদলি করা হয়েছে। বদলি আদেশে উল্লেখ করা হয়েছে, উল্লিখিত ছয়জন মহিলা কারারক্ষীর বদলি তাৎক্ষণিক কার্যকর করা হোক।
কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে রুনা লায়লা নামে এক হাজতিকে ১৯ জুন যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নুর পাপিয়াসহ তার সহযোগীরা অমানবিকভাবে নির্যাতন করেন। নির্যাতনে পাপিয়ার সঙ্গে মহিলা কারাগারের মেট্রন (মহিলা কারারক্ষীদের প্রধান) ফাতেমা আক্তারসহ কারারক্ষীদের অংশ নেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনার পর মেট্রন ফাতেমা আক্তারকে প্রাথমিকভাবে ২০ জুন শোকজ করা হয়। ২৮ জুন শোকজের জবাব দেন তিনি। শোকজের জবাব সন্তোষজনক না হওয়ায় ১ জুলাই তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে রিজার্ভ হিসেবে রাখা হয়। ৩ জুলাই কারা অধিদপ্তর বরাবর মেট্রন ফাতেমার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়।