বরিশাল অফিস
প্রকাশ : ৩০ জুলাই ২০২৩ ২৩:০২ পিএম
ঢাকায় সরবরাহের চুক্তি বাতিল করে ভোলার গ্যাস দক্ষিণাঞ্চলে রাখার জন্য গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি শুরু হয়েছে। রবিবার (৩০ জুলাই) বেলা ১১টায় এ কর্মসূচির উদ্বোধন করেন ভোলার গ্যাস রক্ষায় দক্ষিণাঞ্চলের নাগরিক আন্দোলন বরিশাল জেলা শাখার আহ্বায়ক অধ্যাপক শাহ আজিজ খোকন।
উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক শাহ আজিজ খোকন বলেন, দক্ষিণাঞ্চলের জনগণকে বঞ্চিত করে ভোলার গ্যাস ঢাকায় সরবরাহ করে বরিশাল অঞ্চলের সার্বিক অর্থনীতি ও উন্নয়নকে পিছিয়ে রাখা হয়েছে। দক্ষিণাঞ্চলের উন্নয়নে ব্যবহার না করে ঢাকা, গাজীপুর, আশুলিয়া, ময়মনসিংহে সরবরাহের জন্য সরকার ইন্ট্রাকোর সঙ্গে চুক্তি করেছে। এটি গণবিরোধী ও দক্ষিণাঞ্চলের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা। অবিলম্বে এই চুক্তি বাতিল করে অগ্রাধিকার ভিত্তিতে ভোলার গ্যাস ভোলাসহ দক্ষিণাঞ্চলের জনগণের উন্নয়নে শিল্পাঞ্চলে ও আবাসিক খাতে দেওয়ার দাবি জানান তিনি।
বাসদের জেলা শাখার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী বলেন, আগস্ট মাস জুড়ে বরিশালের ৬টি জেলায় লক্ষাধিক স্বাক্ষর সংগ্রহ করে ভোলার গ্যাস দক্ষিণাঞ্চলের উন্নয়নে ব্যবহারের দাবিতে জনগণকে সংঘবদ্ধ করে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। দুই ঘণ্টাব্যাপী এই স্বাক্ষর সংগ্রহ কর্মসূচিতে ছাত্র-পেশাজীবী-গণমানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সহস্রাধিক স্বাক্ষর সংগ্রহ হয় বলে জানান তিনি।
কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ভোলার গ্যাস রক্ষায় দক্ষিণাঞ্চলের নাগরিক আন্দোলনের বিভাগীয় সদস্য সচিব ও বাসদের জেলা শাখার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী, সিপিবি বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যাপক নৃপেন্দ্র নাথ বাঢ়ৈ, নাগরিক আন্দোলনের অন্যতম সংগঠক এনায়েত হোসেন শিপলু প্রমুখ।