সুনামগঞ্জ প্রতিবোদক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৩ ১৮:১৭ পিএম
আপডেট : ৩০ জুলাই ২০২৩ ১৯:৪৪ পিএম
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালকে ৫০ শয্যায় উন্নীতকরণ ও নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। প্রবা ফটো
এ বছর বৃষ্টি ও বন্যা বেশি থাকায় ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
তিনি বলেন, ’এ বছর বন্যা ও বৃষ্টি বেশি ছিল, যার কারণে মশা বেড়েছে। ডেঙ্গু রোগীও বৃদ্ধি পেয়েছে। মশা নিধন করলে ডেঙ্গু অটোমেটিকলি কমে আসবে। এখন পর্যন্ত দেশে দুই শতাধিক লোক মারা গেছে। ডেঙ্গুতে ৪০ থেকে ৪৫ হাজার লোক আক্রান্ত হয়েছে।’
রবিবার (৩০ জুলাই) দুপুরে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালকে ৫০ শয্যায় উন্নীতকরণ ও নতুন ভবনের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ’সরকার ডেঙ্গুর চিকিৎসায় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। জেলা উপজেলা থেকে শুরু করে বড় বড় শহর ও মেডিকেল কলেজ হাসপাতালে সব জায়গায় ডেঙ্গুর জন্য আলাদা বেডের ব্যবস্থা করা হয়েছে। ডেঙ্গুর চিকিৎসার জন্য পর্যাপ্ত ওষুধ ও স্যালাইনের ব্যবস্থা আছে। ডাক্তার ও নার্সদের ডেঙ্গুর জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ধীরে ধীরে এই ডেঙ্গুর প্রকোপ কমে আসবে এবং একসময় বাংলাদেশ থেকে ডেঙ্গু নির্মূল হয়ে যাবে।’
এ সময় বিএনপির রাজনীতি নিয়ে তিনি বলেন, ’বিএনপিকে টেলিভিশনে দেখা যায়, তারা দেশ ও জনগণের স্বার্থে কখনও কাজ করে না। তারা সংবিধান মানে না, শিক্ষাপ্রতিষ্ঠান ধ্বংস করে, এখনও রাজপথে গাড়ি পোড়ায়। তাদের হাতে দেশ নিরাপদ নয়।’
সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার, মো. খুরশীদ আলম, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাইদুর রহমান, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল বশির আহমেদ, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. শামিউল ইসলাম, সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শরিফুল হাসান, সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, সিভিল সার্জন ডা. আহম্মদ হোসেন প্রমুখ।