চট্টগ্রাম অফিস
প্রকাশ : ৩০ জুলাই ২০২৩ ১১:২৯ এএম
আপডেট : ৩০ জুলাই ২০২৩ ১১:৪৮ এএম
চট্টগ্রাম নগরীর রামপুর নতুন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। প্রবা ফটো
চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। তবে কেন্দ্রে ভোটার উপস্থিতি একেবারেই নেই। নগরীর রামপুর নতুন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নারীদের তিন ও চার নম্বর বুথে ভোটার আছে তিনশত ৯৬ জন করে। রবিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১০টা পর্যন্ত ওই দুই বুথে ভোট পড়েছে মাত্র একটি করে। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, চলবে বিকাল ৪টা পর্যন্ত।
নির্বাচনে নৌকা প্রতীকের মহিউদ্দিন বাচ্চুর সঙ্গে লড়ছেন আরও চার প্রার্থী। বুথে নৌকা ছাড়া আর কোনো প্রার্থীর এজেন্ট নেই। এই কেন্দ্রে মোট ১০টি বুথের একই চিত্র। ভোট কেন্দ্রের সামনেও নেই ভোটারদের সারি। অনেক্ষণ বাদে বাদে একজন দুজন ভোটার আসছেন। ভোট দেওয়া শেষে চলে যাচ্ছেন।
জানতে চাইলে কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা ফয়েজ আহমদ রউফ বলেন, ‘অন্য প্রার্থীদের এজেন্ট আসেনি। তবে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। ভোটার উপস্থিতি একটু কম।’
এই কেন্দ্রে মোট ৪ হাজার ১৯৬ ভোটের মধ্যে সকাল সাড়ে ১০টা পর্যন্ত ১৮০ জন ভোটার ভোট দিয়েছেন।
চট্টগ্রাম সিটি করপোরেশনের ৮, ১১, ১২, ১৩, ১৪, ২৪, ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ড নিয়ে চট্টগ্রাম-১০ আসন। এ আসনে গত তিনবারের সংসদ সদস্য ছিলেন ডা. আফছারুল আমীন। গত ২ জুন তার মৃত্যুতে আসনটি শূন্য হয়। এ আসনে মোট ৪ লাখ ৮৮ হাজার ৬৩৩ জন ভোটার রয়েছেন।
এই উপনির্বাচনে নৌকা প্রতীকে আওয়ামী লীগের মো. মহিউদ্দিন বাচ্চু, লাঙল প্রতীকে জাতীয় পার্টির মো. সামসুল আলম, সোনালী আঁশ প্রতীকে তৃণমূল বিএনপির দীপক কুমার পালিত, ছড়ি প্রতীকে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের রশীদ মিয়া, বেলুন প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মো. আরমান আলী ও রকেট প্রতীকে মনজুরুল ইসলাম ভূঁইয়া প্রতিদ্বন্দ্বিতা করছেন।