× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কিশোরগঞ্জে ছাত্রলীগের কমিটি নিয়ে সৈয়দ আশরাফের বোনের ক্ষোভ

মধ্যাঞ্চল প্রতিবেদক

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২২ ১৯:২৫ পিএম

আপডেট : ০৬ অক্টোবর ২০২২ ২০:২৯ পিএম

আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বোন ও  কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি। ছবি : সংগৃহীত

আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বোন ও কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি। ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা ছাত্রলীগের ২৯ সদস্যবিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দিয়েছে জেলা ছাত্রলীগ। বুধবার রাতে জেলা ছাত্রলীগের সভাপতি মো. আনোয়ার হোসেন মোল্লা সুমন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজ উমান খান এ কমিটির অনুমোদন দেন। কমিটিতে মুস্তাফিজুর রহমান মোখলেছকে সভাপতি ও ইয়াছিন আরাফাত শুভকে সাধারণ  সম্পাদক করা হয়েছে।

এদিকে ঘোষিত এ কমিটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বোন ও  কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

ওই পোস্টে তিনি কথা দিয়ে তা রাখতে না পারা ছাত্রলীগ চায়নি বলে আক্ষেপ করেছেন। কীসের লোভে ছাত্রলীগ নেতৃবৃন্দ তাকে দেওয়া কথা রাখতে পারেননি তা এখন জানার সময় হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। 

অন্য একটি পোস্টে এমপি লিপি অছাত্র, বিবাহিত, বয়স উত্তীর্ণ ও বিতর্কিতদের দিয়ে কমিটি করা হয়েছে বলে অভিযোগ করেন। পোস্টটিতে তিনি মেয়াদোত্তীর্ণ ও বিতর্কিত কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটি ও নবগঠিত হোসেনপুর উপজেলা ছাত্রলীগের বিতর্কিত কমিটির বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেন। 

প্রথম পোস্টে ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি লিখেছেন, এই লেখাটি বারবার তাদের কাছে পাঠিয়েছি। আমরা কি এই ছাত্রলীগ চেয়েছিলাম? যারা কথা দিয়ে কথা রাখতে পারে না। কীসের লোভে। এখন জানার সময় হয়েছে। পোস্টে এমপি লিপি বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে উদ্দেশ করে আগে পাঠানো লেখাতে লেখেন, ‘স্নেহের ভাই জয় ও লেখক, শুভেচ্ছা নিও। শ্রদ্ধেয় বড় আপা জননেত্রী শেখ হাসিনা ও শ্রদ্ধেয় ছোট আপা শেখ রেহেনা আপার আন্তরিকতায় আমি কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) সংসদীয় আসন থেকে সাংসদ নির্বাচিত হয়েছি। আমার নির্বাচনী এলাকাধীন-কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর উপজেলা শাখা ছাত্রলীগের নতুন কমিটি আমার কনসার্ন নিয়ে যেন হয় সে বিষয়ে সতর্ক খেয়াল রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিও।’ 

তিনি আরও লিখেছেন, ‘তোমরা দু'জনে আমাকে কথা দিয়েছিলে সদর ও হোসেনপুরের কমিটি আমার মত করে দিবে। এছাড়া জেলা ছাত্রলীগের সভাপতি/সাধারণ সম্পাদকও আমাকে অনুরূপ কথা-ই দিয়েছিল। জাতীয় চার নেতার অন্যতম শহীদ সৈয়দ নজরুল ইসলাম এর কন্যা ও প্রয়াত জননেতা সৈয়দ আশরাফুল ইসলামের ছোট বোন হিসেবে আশা করি এ ব্যাপারে তোমাদের সর্বোচ্চ সহযোগিতা থাকবে।’ 

পরের পোস্টটিতে এমপি লিপি লিখেছেন, ‘শহীদ সৈয়দ নজরুল ইসলামের জ্যেষ্ঠপুত্র, বাংলাদেশ আওয়ামী লীগ-এর সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী, প্রয়াত জননেতা বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফুল ইসলাম-এর একাধিক মেয়াদে নির্বাচনী এলাকা তথা বর্তমানে আমার নির্বাচনী এলাকাধীন হোসেনপুর উপজেলা শাখা ছাত্রলীগ-এর কমিটি কিছুক্ষণ আগে ফেসবুকে প্রকাশিত হয়েছে, যা সম্পর্কে আমি অবহিত নই। অছাত্র, বিবাহিত, বয়স উত্তীর্ণ ও বিতর্কিতদের দিয়ে কমিটি করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। কেন্দ্রীয় ছাত্রলীগ-এর সভাপতি, সাধারণ সম্পাদককে বারবার বলার পরও কেন বা কী কারণে সমন্বয় না করেই মেয়াদ উত্তীর্ণ জেলা কমিটি কর্তৃক এমন একটি বিতর্কিত কমিটি ঘোষণা করা হলো? আমরা কি এমন বাংলাদেশ ছাত্রলীগ চেয়েছিলাম? বি:দ্র: মেয়াদ উত্তীর্ণ ও বিতর্কিত কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগ-এর কমিটি ও নবগঠিত হোসেনপুর উপজেলা ছাত্রলীগের বিতর্কিত কমিটির বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি।’

হোসেনপুর উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে একটি অংশ সংবাদ সম্মেলনও করেছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। হোসেনপুর উপজেলা ছাত্রলীগের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নবগঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাদেক মিয়া। 

বক্তব্যে বিবাহিত, অছাত্র, মাদকাসক্ত ও বয়স উত্তীর্ণদের দিয়ে উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে উল্লেখ করে এ কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবি জানানো হয়। এ সময় বক্তব্য রাখেন হোসেনপুর উপজেলা ছাত্রলীগের নতুন কমিটির সহসভাপতি মোখলেসুর রহমান, সাবেক যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেন মইন, আমির হামজা, তাহমিদ প্রমুখ। সংবাদ সম্মেলনে নবগঠিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদককে হোসেনপুর উপজেলায় অবাঞ্ছিত ঘোষণা করে তারা বলেন, কমিটি বাতিল না করা হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

ছাত্রলীগের সূত্রগুলো জানিয়েছে, হোসেনপুর উপজেলার নবগঠিত কমিটির সভাপতি মুস্তাফিজুর রহমান মোখলেছের বয়স ৩৯ বছর। কমিটির ৭নং সহসভাপতি মো. মুমিনুল ইসলাম তুহিন কিশোরগঞ্জ জেলা নির্বাচন অফিসে চাকরি করেন। ৫ নং সহসভাপতি মো. আনোয়ার বিবাহিত এবং তার সন্তান রয়েছে। ৬ নং যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন আকন্দ পিয়াস বিবাহিত। এ ছাড়া বয়স উত্তীর্ণ অন্তত ১০ জন কমিটিতে স্থান পেয়েছে।

এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সভাপতি মো. আনোয়ার হোসেন মোল্লা সুমন বলেন, সংসদ সদস্য আমাদের উপদেশ দিতে পারেন। তাকে নিশ্চয় সম্মান করা হবে। কিন্তু গঠনতন্ত্রের কোথাও নেই উনার কথায় কমিটি গঠন করতে হবে। তবে এ কথা সত্য, আমরা একটি সুন্দর কমিটি দেওয়ার চেষ্টা করেছি। এরপরও তথ্য গোপনের মাধ্যমে কেউ কেউ কমিটিতে জায়গা পেতে পারে। এখন যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাদের ব্যাপারে আমরা তদন্ত করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

ছাত্রলীগের একাধিক সাবেক সভাপতি ও  সাধারণ সম্পাদক প্রতিদিনের বাংলাদেশকে বলেন, জেলা ছাত্রলীগের তিন সদস্যের কমিটি  এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছিল। কিন্তু তিন বছর পার হয়ে গেলেও পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়নি। তাই এই মেয়াদোত্তীর্ণ কমিটির সকল কার্যক্রম অবৈধ। 

প্রবা/আারএম/এমআই

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা