× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডেঙ্গু বাড়ছে, মেয়র বিদেশে, প্রধান নির্বাহী ছুটিতে

ফয়সাল খান

প্রকাশ : ২৯ জুলাই ২০২৩ ০৮:৪৪ এএম

আপডেট : ২৯ জুলাই ২০২৩ ০৮:৫২ এএম

ডেঙ্গু বাড়ছে, মেয়র বিদেশে, প্রধান নির্বাহী ছুটিতে

চারদিকে ডেঙ্গু আক্রান্ত মানুষের আহাজারি। প্রতিদিন আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড হচ্ছে। এ সময় স্থানীয় সরকারি প্রতিষ্ঠানগুলো মশকনিধন কাজ জোরদার করছে, কর্মকর্তাদের ছুটি বাতিলসহ মশার উৎস খোঁজ করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানও পরিচালনা করা হচ্ছে। তবে ডেঙ্গুর এমন পরিস্থিতিতেও গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) কর্তৃপক্ষের দৃশ্যমান তৎপরতা নেই।

খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকার উপকণ্ঠে গাজীপুর সিটি করপোরেশনের কোনো এলাকাতেই মশকনিধনে তৎপরতা নেই। মশার ওষুধ ছিটানো, সচেতনতা কার্যক্রম বা মনিটরিংয়েও কারও কোনো মাথাব্যথা নেই। অথচ অনেকটাই অভিভাবকহীন অবস্থায় চলছে সংস্থাটি। স্থানীয়দের ভাষায়, ‘গাজীপুর সিটি করপোরেশনের কোনো মা-বাপ নেই।’ এরই মধ্যে এ এলাকার পাঁচ শতাধিক মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। সময়মতো কার্যকর পদক্ষেপ গ্রহণ না করার কারণে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। 

সম্প্রতি স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে পাঁচ দিনের ছুটি নিয়ে চিকিৎসার জন্য বিদেশ গেছেন ভারপ্রাপ্ত মেয়র আসাদুজ্জামান কিরণ। নিয়ম অনুযায়ী প্যানেল মেয়র সদস্যদের মধ্য থেকে কাউকে দায়িত্ব দিয়ে যাওয়ার কথা থাকলেও তিনি তা করেননি। একই সময় প্রধান নির্বাহী কর্মকর্তা এএসএম সফিউল আজমও (যুগ্ম সচিব) ছুটিতে আছেন। ওয়েবসাইটে দেওয়া মোবাইল নম্বরে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তা বন্ধ পাওয়া যায়। নাম প্রকাশ না করার শর্তে অপর একজন কর্মকর্তা বলেন, ‘স্যার ছুটিতে আছেন, তাই হয়তো ফোন বন্ধ।’ তবে কবে ছুটি শেষ হবে বা কবে অফিস করবেন, তা জানাতে পারেননি তিনি।

স্থানীয় সরকার আইনের (সিটি করপোরেশন) ২১ ধারার প্যানেল মেয়র সদস্য কর্তৃক মেয়রের দায়িত্ব পালন অংশে বলা আছে, অনুপস্থিতি কিংবা অসুস্থতা বা অন্য কোনো কারণে মেয়রের দায়িত্ব পালনে অসমর্থ হলে তিনি পুনরায় স্বীয় দায়িত্ব পালনে সামর্থ্য না হওয়া পর্যন্ত এই আইনের ২০ ধারা অনুযায়ী জ্যেষ্ঠতার ক্রমানুসারে মেয়র প্যানেলের কোনো সদস্য মেয়রের সব দায়িত্ব পালন করবেন। (আইনটির ২০ ধারায় করপোরেশনের প্রথম সভায় তিন সদস্যের মেয়রের প্যানেল নির্বাচনের কথা বলা আছে।) 

গত ২১ জুন গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়রের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। তবে তিনি ঠিক কবে বিদেশ গেছেন, তা নিশ্চিত হওয়া যায়নি। সিটি করপোরেশনের কর্মকর্তাদের একজন জানিয়েছেন, গত রবিবার অর্থাৎ ২২ জুলাই ছুটি শেষে ভারপ্রাপ্ত মেয়রের অফিসে যোগদানের কথা ছিল। কিন্তু বৃহস্পতিবার পর্যন্ত তিনি অফিসে আসেননি। পাঁচ দিনের ছুটির মেয়াদ শেষ হলে তিনি তা বাড়ানোর আবেদন করছেন বলে শুনেছেন। অপর এক কর্মকর্তা গত বৃহস্পতিবার জানিয়েছেন, তিনি এক সপ্তাহ আগে বিদেশে গেছেন। 

নিয়ম অনুযায়ী গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র এবং সংস্থাটির ৪৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আসাদুজ্জামান কিরণ ছাড়া আরও দুজন প্যানেল মেয়র রয়েছেন। তাদের একজন ৫২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল আলীম মোল্লা, অন্যজন সংরক্ষিত ১০ (সাধারণ ওয়ার্ড ১৯, ২০ ও ২১) নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আয়েশা আক্তার। তাদের দুজনের সঙ্গেই কথা হয় এ প্রতিবেদকের। বিদেশে যাওয়ার আগে দায়িত্ব দেওয়া বা করপোরেশনের কোনো বিষয়ে তাদের সঙ্গে কোনো আলোচনা করেননি কিরণ। স্থানীয় একটি সূত্র বলছে, শুক্রবার দেশে ফিরেছেন ভারপ্রাপ্ত মেয়র। তবে বক্তব্য নিতে তার মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। 

এদিকে সংস্থাটির শীর্ষ দুজন না থাকায় প্রায় সব কার্যক্রমেই স্থবিরতা নেমে এসেছে। এ নিয়ে সংস্থাটির কাউন্সিলররাও ক্ষুব্ধ। তারা বলছেন, মানুষ আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। এখন কোনো সমস্যা হলে আমাদের বদনাম হবে, এটাই স্বাভাবিক। এমন গা-ছাড়া ভাবে এত বড় একটি সিটি করপোরেশন চলতে পারে না। 

নাম প্রকাশ না করার শর্তে একাধিক কাউন্সিলর প্রতিদিনের বাংলাদেশকে বলেছেন, ময়লা-আবর্জনা আর মশা নিয়ে প্রায়ই কথা শুনতে হয়। সিটি করপোরেশনের বরাদ্দ আসে সেটা জানি, কিন্তু সেটা কই খরচ হয় তা জানি না। এভাবে চলতে থাকলে আগামীতে মানুষের কাছে ভোট চাইতে যেতে পারব না। 

নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের শিমুলতলী এলাকার বাসিন্দা আমানুল্লাহ সম্প্রতি ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন। আলাপকালে এ প্রতিবেদককে তিনি বলেন, ‘কখনও মশার ওষুধ ছিটাতে দেখিনি। কার্যক্রম দেখে মনে হয় না যে এখানে কোনো সিটি করপোরেশন কর্তৃপক্ষ রয়েছে।’ 

১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হাবিবুর রহমান বলেন, আশপাশের জলাশয় ও নর্দমাভর্তি মশা। কখনও কেউ পরিষ্কার করতে আসে না। মশার ওষুধ ছিটাতেও দেখি না। আমরা আল্লাহর ওপর ভরসা করে বেঁচে আছি। 

প্রসঙ্গত, ২০২১ সালের ২৫ নভেম্বর গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমকে তার পদ থেকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এরপর ২৮ নভেম্বর ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব নেন কিরণ। এরই মধ্যে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন মেয়র নির্বাচিত হয়ে শপথ গ্রহণ করেছেন। ১০ সেপ্টেম্বর তার দায়িত্ব গ্রহণের কথা রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা