মৌলভীবাজার প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৩ ২২:৩৬ পিএম
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কলাগাছের আঁশ দিয়ে ‘কলাবতী’ শাড়ি তৈরি করে সারা দেশে আলোচিত কমলগঞ্জের রাধাবতী দেবীকে সম্মাননা দিয়েছে তৃণমূল নারী সমাজ নামে একটি সংগঠন। শুক্রবার (২৮ জুলাই) শহরের ভানুগাছ রোডে জেলা পরিষদ মিলনায়তনে ‘স্মার্ট বাংলাদেশ গঠনে নারীর ভূমিকা’ শীর্ষক তৃণমূল মহিলা সমাবেশে তাকে এ সম্মাননা দেওয়া হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ। শ্রীমঙ্গল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্তের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, যুগ্ম সাধারণ সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন ও মো. আকরাম খান এবং সাংগঠনিক সম্পাদক ছালিক আহমেদ।
অন্যদের মধ্যে বক্তব্য দেন কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, বীর মুক্তিযোদ্ধা কুমুদ রঞ্জন দেব, শ্রীমঙ্গল পৌরসভার কাউন্সিলর তানিয়া আক্তার ও শারমিন জাহান। অনুষ্ঠানে শ্রীমঙ্গল উপজেলার ৯টি ইউনিয়নের নারী ইউপি সদস্য, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা এবং নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।