টাঙ্গাইল প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৩ ২২:৫১ পিএম
আপডেট : ২৭ জুলাই ২০২৩ ২৩:২০ পিএম
প্রতীকী ছবি
টাঙ্গাইলের মির্জাপুরে বিলে ঘুরতে গিয়ে নৌকাডুবে তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকালে উপজেলার তরফপুর ইউনিয়নের তরফপুর দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য জানিয়েছেন।
নিহতরা হলেন- উপজেলার বহুরিয়া ইউনিয়নের মুন্দিরাপাড়া গ্রামের সিঙ্গাপুর প্রবাসী রিপন চৌধুরী, তার চাচাতো ভাই কহিনুর মিয়ার মেয়ে স্নেহা আক্তার এবং মির্জাপুর উপজেলার হাড়িয়া গ্রামের সেলিম মিয়ার ছেলে আসিফ মিয়া। নিহত রিপন চৌধুরী বর টুটুল চৌধুরীর বড় ভাই।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বহুরিয়া ইউনিয়নের মন্দিরাপাড়া গ্রামের টুটুল চৌধুরীর সঙ্গে উপজেলার তরফপুর গ্রামের মজনু মিয়ার মেয়ে লিপা আক্তারের বিয়ের দিন ছিল। বৃহস্পতিবার বর টুটুল চৌধুরীর সঙ্গে তারা বরযাত্রী হয়ে তরফপুর গ্রামে যান। কনের বাড়িতে দুপুরের খাবারের পর বাড়ি থেকে কয়েকজন বরযাত্রী নৌকা করে স্থানীয় বিলে ঘুরতে যায়। এ সময় নৌকায় থাকা এক নারী পানিতে সাপ দেখে ভয় পেয়ে চিৎকার শুরু করেন। এ সময় অন্যরাও ভয়ে নৌকায় এলোমেলো করে। এক পর্যায়ে নৌকাটি পানিতে ডুবে যায়। এ সময় অন্যরা সাঁতরে তীরে উঠতে পারলেও ওই তিনজন ডুবে যায়। দুজনকে কিছুক্ষণ পর পানি থেকে উঠানো হয়। আর একজনকে প্রায় ৪০ মিনিট পর পাওয়া যায়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
তরফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজ রেজা বলেন, ‘ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। পরে পরিবারের লোকজন তাদের মরদেহ বাড়ি নিয়ে গেছে।’
ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’