× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপি-জামায়াত নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায় : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

নোয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ২৭ জুলাই ২০২৩ ১৭:৩৬ পিএম

আপডেট : ২৭ জুলাই ২০২৩ ১৮:৫৩ পিএম

চাটখিল উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন অনুষ্ঠান। প্রবা ফটো

চাটখিল উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন অনুষ্ঠান। প্রবা ফটো

বিএনপি-জামায়াত আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রশ্নবিদ্ধ ও বানচাল করতে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুর ১২টার দিকে নোয়াখালীর চাটখিল উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন উপলক্ষে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।

মোজাম্মেল হক বলেন, ‘সারা পৃথিবীর মানুষ বলে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। কিন্তু যারা বাংলাদেশের ভালো চায় না, তারা তা মেনে নেয় না। তাই সময় সুযোগ পেলেই মিথ্যাচার করে।’

বিএনপি-জামায়াতকে ইঙ্গিত করে মন্ত্রী বলেন, ‘মূলত বাংলাদেশের উন্নয়নকে প্রশ্নবিদ্ধ করতে, এ দেশকে অস্থিতিশীল করতে তারা মরিয়া। নির্বাচন প্রশ্নবিদ্ধ ও বানচাল করতে চায় বিএনপি-জামায়ত।’

বিএনপি-জামায়াত আরেকটা ১৫ আগস্ট চায় উল্লেখ করে তিনি বলেন, ‘বিএনপি সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। জামায়াত দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। বিএনপি-জামায়াত আরেকটা ১৫ আগস্ট চায়। শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে সব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।‘

মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের উদ্দেশে মোজাম্মেল হক বলেন, ‘শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের বিনা পয়সায় চিকিৎসা এবং ভাতা দিচ্ছেন। এই ভাতা আগামী দিনে আরও বাড়ানো হবে। মুক্তিযোদ্ধাদের কবর ডিজাইনের মাধ্যমে সংরক্ষিত করা হচ্ছে। যেন শত বছর হলেও মানুষ চিনতে পারে। মুক্তিযোদ্ধার জন্য বীর নিবাস তৈরি করা হচ্ছে। এই নির্মাণকাজ অব্যাহত রয়েছে।’

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচএম ইব্রাহিম।  

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা মুক্তিযোদ্ধাদের সম্মান বৃদ্ধি করেছেন। তবে এখনও অনেক মুক্তিযোদ্ধা রয়েছেন যারা বঙ্গবন্ধুকে অস্বীকার করতে চান। বঙ্গবন্ধুকে অস্বীকার করা মানে দেশকে অস্বীকার করা। এসব ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সব মুক্তিযোদ্ধাকে এক হয়ে কাজ করতে হবে।’

চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া বলেন, ‘বীর মুক্তিযোদ্ধারা আমাদের কাছে সম্মানিত। এই উপজেলায় ১৫ জনের বেশি বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার দেওয়া হয়েছে। আগামী প্রজন্ম যেন বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিকথা শুনতে পায়, তাই বীরত্বগাঁথা প্রকল্প হাতে নিয়েছি। এতে সব মুক্তিযোদ্ধা তাদের যুদ্ধের স্মৃতি ভিডিওতে উল্লেখ করেছেন। আগামীতে এই স্মৃতি কথাগুলো পুস্তিকা আকারে বের করা হবে।’

চাটখিল উপজেলা এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. রাহাত আ‌মিন পাটওয়ারী বলেন, ‘মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে প্রায় ২ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে চাটখিল উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ করেছে এলজিইিডি। এ ভবনের পাশে নির্মাণ করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল। তিন তলাবিশিষ্ট এ কমপ্লেক্স ভবনের দুটি ফ্লোর বাণিজ্যিক স্পেস হিসেবে ব্যবহৃত হচ্ছে। তৃতীয় ফ্লোর হলরুম হিসেবে ব্যবহার করবেন বীর মুক্তিযোদ্ধারা। এ কমপ্লেক্স থেকে আয়ের ১০ ভাগ টাকা ভবন রক্ষণাবেক্ষণের জন্য ব্যয় হবে। বাকি টাকা মুক্তিযোদ্ধাদের কল্যাণে ব্যয় হচ্ছে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া। বক্তব্য দেন মোহাম্মদ রফিক, খোরশেদ আলম, মোহাম্মদ আলম, আবুল বশর, রাব্বানী উল্লাহ মিয়া, আবুল কাশেম প্রমুখ। এ ছাড়া চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি নাজমুল হুদা সাকিল, চাটখিল উপজেলার ভাইস চেয়ারম্যান আবু তাহের ইভুসহ বীর মুক্তিযোদ্ধারা এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা