খানসামা (দিনাজপুর) প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৩ ১৬:১৩ পিএম
আপডেট : ২৭ জুলাই ২০২৩ ১৬:২৭ পিএম
সংগৃহীত ফটো
দিনাজপুরের খানসামা উপজেলায় মজিবুর রহমান নামে ৭০ বছরের এক বৃদ্ধকে মৃত দেখিয়ে তার বয়স্কভাতার কার্ড বাতিল করার অভিযোগ পাওয়া গেছে। মজিবুর রহমান উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের টংগুয়া গ্রামের বাসিন্দা।
মজিবুর রহমান বলেন, ‘চার মাস ধরে বয়স্কভাতা পাই না। আমি বয়স্কভাতার কার্ড পাওয়ার পর থেকে প্রতি তিন মাস অন্তর ১ হাজার ৫০০ টাকা করে পাচ্ছিলাম। কিন্তু গত তারিখে আমার টাকার কোনো মেসেজ না আসায় উপজেলা সমাজসেবা অফিসে গিয়ে জানতে পারি, আমাকে নথিপত্রে মৃত দেখানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমি জীবিত থাকার পরও মেম্বার হুমায়ুন আমাকে নথিপত্রে মৃত দেখিয়েছেন, এটা আমি জানি না। আমি অসহায় মানুষ। আমি বিভিন্ন সময়ে অসুখে-বিসুখে পরে থাকি। আমি এর সুষ্ঠু বিচার চাই।’
এ বিষয়ে ইউপি সদস্য হুমায়ুন বলেন, ‘একই এলাকার একই নাম হওয়ার কারণে ভুলবশত এটা হয়েছে। আশা করি আগামীতে তিনি বয়স্কভাতা পেয়ে যাবেন।’
ভেড়ভেড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বাবুল বলেন, ‘জীবিত মানুষকে মৃত দেখিয়ে ভাতার কার্ড বাতিলের বিষয়ে আমি কিছুই জানি না। কেউ যদি এ ধরনের অভিযোগ করেন তাহলে সমাজসেবা অফিস জানে।’
এ বিষয়ে উপজেলা সমাজসেবা অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, ‘আমি বিষয়টা সম্পর্কে জেনেছি। সকল প্রকার কাগজপত্র অধিদপ্তরে পাঠিয়েছি। আমি শতভাগ নিশ্চয়তা দিচ্ছি, আগামীতে যে ভাতা পাবেন একসঙ্গে আগের ভাতাসহ পেয়ে যাবেন।’