সিরাজগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৩ ১৯:০৮ পিএম
আপডেট : ২৬ জুলাই ২০২৩ ১৯:৩৭ পিএম
সভায় এমপি আব্দুল আজিজ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। প্রবা ফটো
সিরাজগঞ্জ-৩ আসনের (রায়গঞ্জ-তাড়াশ) সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজ বলেছেন, বেসরকারি মাধ্যমিক শিক্ষকরা জাতীয়করণের দাবিতে যে আন্দোলন করছেন, তা ন্যায্য। তাদের এই যৌক্তিক দাবির বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরব।
বুধবার (২৬ জুলাই) বাংলাদেশ শিক্ষক সমিতির (বাশিস) রায়গঞ্জ উপজেলা শাখার বিশেষ সভায় তিনি এই আশ্বাস দেন। সমিতির অস্থায়ী কার্যালয় ধানঘড়া উচ্চ বিদ্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় এমপি আব্দুল আজিজ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
এমপি আরও বলেন, ‘যেখানে একজন ডাক্তারের ভিজিট ১ হাজার টাকা, সেখানে শিক্ষকদের চিকিৎসা ভাতা ৫০০ টাকা খুবই সামান্য। পেটে ক্ষুধা নিয়ে শিক্ষকরা কীভাবে মানসম্মত পাঠদান করবেন, কীভাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলবেন? তাই শিক্ষকদের এই ন্যায্য দাবি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেব।’
এ সময় তিনি বাশিস রায়গঞ্জ শাখার কার্যালয় নির্মাণের জন্য এক লাখ টাকা অনুদানের ঘোষণা দেন।
সভায় আরও উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ হৃদয়, বাশিস রায়গঞ্জের সভাপতি ইয়াকুব হোসেন তালুকদার, সচিব শামীম হোসেন তালুকদারসহ কয়েকজন শিক্ষক নেতা ও বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।