চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২৬ জুলাই ২০২৩ ১৪:৩১ পিএম
আপডেট : ২৬ জুলাই ২০২৩ ১৪:৫৬ পিএম
চট্টগ্রাম দায়রা জজ আদালত। ফাইল ফটো
চট্টগ্রামে ডেকে নিয়ে ওমর ফারুক বাপ্পি নামে এক আইনজীবীকে হত্যার দায়ে এক নারীসহ ২ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে আরও ৩ অসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে, অনাদায়ে তাদের আরও দুই মাস কারাগারে থাকতে হবে।
বুধবার (২৬ জুলাই) দুপুরে চট্টগ্রাম মহানগর তৃতীয় অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. জসিম উদ্দিন এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রাশেদ বেগম ও হুমায়ুন রশিদ। যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামিরা হলেন- আল আমিন, আকবর হোসেন ও আলী পারভেজ আলী। দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে আল আমিন এবং পারভেজ আলী কারাগারে রয়েছেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুইজনসহ বাকি তিন আসামি পলাতক রয়েছেন।
আরেক আসামির জাকির হোসেনের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত।
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী দুলাল চন্দ্র দেবনাথ প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
মামলার নথির বরাতে তিনি জানান, ২০১৭ সালের ২৪ নভেম্বর রাত ৮টা থেকে পরদিন সকাল ৬টার মধ্যে নগরীর চকবাজার থানাধীন আমান আলী সড়কের একটি ভবনে ওমর ফারুক বাপ্পিকে হত্যা করা হয়। পরদিন সকাল ৬টায় বাসার দারোয়ান বাসার দরজা খোলা দেখে বাসার মালিককে বললে ভবনের মালিক শিরিন সুলতানা বাসায় ঢুকে দেখেন মুখ ও হাতে কসটেপ লাগানো এবং পা লাল ফিতা দিয়ে বাধা অবস্থায় বাপ্পির মরদেহ বাসায় ভেতরে পড়ে রয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাপ্পির মরদেহ উদ্ধার করে।
ঘটনার পরদিন ২৫ নভেম্বর বাপ্পির বাবা মহানগর থানায় একটি হত্যা মামলা করেন। মামলার পুলিশ রাশেদা বেগম ও হুমায়ুন রশিদসহ ছয় আসামিকে গ্রেপ্তার করে। পরে তাদের জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে ওই বাসা তিন দিন আগে রাশেদা বেগম ভাড়া নিয়েছিলেন। রাশেদা নিহত ওমর ফারুক বাপ্পির দ্বিতীয় স্ত্রী ছিলেন। দাম্পত্য কলহের জের ধরেই রাশেদা অপর আসামিদের সহযোগিতায় তাকে হত্যা করে।